২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় না এনে ঘরে ফিরবো না: মতিয়া

‘সংস্কার প্রস্তাব সরকারকে বুঝতেও হবে, মানতেও হবে। বিজয় না এনে আমরা ঘরে ফিরবো না। ২০ টাকা সের চাল খাবো না, ধানের শীষে ভোট দেবো না, ১০ টাকা সের চাল খাবো, নৌকায় ভোট দেবো’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বুধবার লালবাগের ডালপট্টিতে মহানগর ১৪ দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির ভাষণে দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওকালে পুলিশের হামলায় আওয়ামী লীগ নেতা মো. নাসিম, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর এবং হাজী মো. সেলিমসহ অসংখ্য নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদে দুদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মতিয়া চৌধুরী বলেন, ‘কে এম হাসান বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বঙ্গবন্ধুর খুনীদের আত্মীয়। তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এই জাতীয়তাবাদী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন এই বাংলার মাটিতে হতে দেবে না’।

প্রধান নির্বাচন কমিশনার প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই এমএ আজিজকে পাগল বলে। কিন্তু আমি তা বলি না। আমি বলি সে জাতে মাতাল, তালে ঠিক। এই হলো এমএ আজিজ’।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাপের পলিটব্যুরোর সদস্য এমএ গণি, ওয়ার্কার্স পার্টির আনিসুল হক মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শওকত আলী হীরা, হাজি আবুল হাসনাত, নাঈম নোমান, হেদায়েত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ধংস করার লক্ষ্য নিয়েই পরিকল্পিতভাবে আজ ১৪ দলের নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। কিন্তু আর নয় এবার প্রতিশোধ নেওয়া হবে। পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে গদি রক্ষা করা যাবে না।

সমাবেশ শেষে একটি মিছিল চকবাজার থেকে শুরু হয়ে ঊর্দূ রোড ঘুরে লালবাগ চৌ-রাস্তায় এসে শেষ হয়।