২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের আপত্তির মুখে বিল প্রত্যাহার করলেন শিক্ষামন্ত্রী

সংবিধান লংঘন করে সোমবার সংসদে উত্থাপিত ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আইন, ২০০৬’ বিলটি বিরোধী দলের আপত্তির মুখে শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক প্রত্যাহার করে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 10:52 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিলটি উত্থাপনের পর আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এতে আপত্তি জানালে শিক্ষামন্ত্রী তা প্রত্যাহার নেন।

দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়ন কার্যাবলীতে শিক্ষামন্ত্রী ওসমান ফারুক দেশের নারী শিক্ষার উন্নয়ন ও গ্রামীণ দারিদ্র ছাত্রীদের উন্নত শিক্ষার মাধ্যমে পেশাগত নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বিলটি সংসদে উত্থাপন করেন।

এ সময় আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত বিলটিতে রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, বিলটির সাথে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, এমন যে কোন বিল সংসদে উত্থাপনের জন্য রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন প্রয়োজন রয়েছে। কিন্তু এ বিলটিতে রাষ্ট্রপতির কোন পূর্ব অনুমোদন নেয়া হয়নি।

এছাড়াও তিনি সংসদে বিলের বিভিন্ন স্থানে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন।

রাষ্ট্রপতির অনুমোদন বিহীনভাবে বিলটি সংসদে উত্থাপনকে আওয়ামী লীগ সাংসদ সংবিধানের লংঘন বলে উল্লেখ করেন।

এ সময় শিক্ষামন্ত্রী বিলটি প্রত্যাহার করে নেয়ার অনুমতি চান। কিন্তু স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার মন্ত্রীকে বিলটি প্রত্যাহার না করে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে উপযোগী করে তোলার পরামর্শ দেন।

এ সময় আইন মন্ত্রী মওদুদ আহমদ বিলটি প্রত্যাহারের পক্ষ নিয়ে বলেন, একজন মন্ত্রী যে কোন সময় যে কোন প্রয়োজনে তার উত্থাপিত বিল প্রত্যাহার করতে পারেন। শিক্ষামন্ত্রী যেহেতু তার বিলটি প্রত্যাহার করতে চান, তাকে প্রত্যাহারের সুযোগ দেয়া উচিত।

আইন মন্ত্রীর মতামতের ভিত্তিতে স্পিকার প্রত্যাহারের প্রস্তাবটি কন্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।