‘নির্বাচন হতে দেয়া হবে না’ বক্তব্য অগণতান্ত্রিক: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ বলেছেন, নির্বাচনে অংশ নেয়া, না নেয়া কোনো রাজনৈতিক দলের ইচ্ছা বা অনিচ্ছা। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল বলছে, দেশে নির্বাচন হতে দেয়া হবে না। এটি একটি অগণতান্ত্রিক দাবি।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ জনগণের নাগরিক অধিকার। কেউ এই অধিকার খর্ব করতে পারেন না।
রাজধানীর আগারগাঁওয়ে সোমবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অস্ট্রেলিয়ার ব্রিজ কর্মসূচির আওতায় নির্বাচন প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় ২৪ জনের অংশগ্রহণ করার কথা থাকলেও এতে উপস্থিতির সংখ্যা ছিল প্রায় অর্ধেক।
সিইসি বলেন, ২০০৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে নির্বাচন কমিশন রেফারির ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, গণতন্ত্র একটি অব্যাহত প্রক্রিয়া। একে পরিচর্যা করা প্রয়োজন। আর গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আমাদের অঙ্গীকার।
এতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে অস্ট্রেলিয়ার হাই কমিশনার ডগলাস ফসকেট, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিন, নির্বাচন কমিশন সচিব, নির্বাচন কমিশনাররা বক্তব্য রাখেন।
