তিন বছর পর গঠিত নারায়নগঞ্জ বিএনপির কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ
দীর্ঘ তিন বছর পর নারায়নগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠনের মাত্র তিনদিনের মাথায় তা বাতিলের দাবীতে স্থানীয় বিএনপির একাংশ রোববার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভপতি সুরুজ্জামান, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমানউদ্দিন আমান বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নারায়নগঞ্জ--৫ আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম তার ক্ষমতাকে কুক্ষিগত ও নিরংকুশ করার জন্য নিজের ছেলে, ভাই ও অন্য আত্মীয়--স্বজনদের নিয়ে পকেট কমিটি গঠন করেছেন। রাজপথে হামলা, মামলা ও নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা--কর্মীদের মহানগর কমিটিতে রাখা হয়নি। এক কমিটিতে স্থান পাওয়া নেতাদের বিএনপির দুঃসময়ে কোনো ভূমিকা ছিলো না।
দীর্ঘ তিন বছর পর ৭ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া জেলার মর্যাদাসম্পন্ন নারায়নগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেন।
অ্যাডভোকেট আবুল কালামকে আহবায়ক করে মহানগর বিএনপির ৯১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
