চিকিৎসার জন্য সাবের চৌধুরী সিঙ্গাপুরে
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব আহত সাবের হোসেন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
এদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন সাবের হোসেন চৌধুরীকে দেখতে যান। তিনি সেখানে চিকিৎসাধীন ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ ও দলীয় নেতা ডা. মালেকের চিকিৎসার খোঁজখবর নেন।
উলে¬খ্য, গত ৬ সেপ্টেম্বর ১৪ দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে পুলিশের হামলায় গুরুতর আহত হন সাবের হোসেন চৌধুরী। তাকে বেধড়কভাবে লাঠিপেটা ও বুট দিয়ে তলপেটে লাথি মারে পুলিশ। সেখান থেকে অজ্ঞান অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা জানান, সাবের হোসেন চৌধুরী তলপেটের বাম দিকে গুরুতর আঘাত পেয়েছেন। এতে তার শরীরের নিম্নাঙ্গে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তার প্রস্রাবনালী ঠিকমতো কাজ করছে না।
ডাক্তাররা আরো বলেন, তিনি আঘাত পেয়ে প্রায় ৩০ মিনিটের মতো সংজ্ঞাহীন ছিলেন। আঘাতের কারণে তার চোখ, মূত্রথলী ও অন্যান্য অঙ্গে সমস্যা হচ্ছে।
