এনডিআই প্রতিনিধিদের সাথে এরশাদের বৈঠক
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ শনিবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) সফররত প্রতিনিধি দলের বৈঠক করেন।
বৈঠক শেষে এরশাদ সাংবাদিকদের বলেন, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের ব্যাপারে তার দলের প্রস্তাবের কথা তিনি বৈঠকে উল্লেখ করেন। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের ওপরও আলাকপাত করা হয়।
আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রীম কোর্টের বিচারকদের জন্য বেঁধে দেওয়া বয়সসীমা নিয়ে প্রশ্ন না উঠলে বিচারপতি কেএম হাসানকে নিয়েও কোনও প্রশ্ন উঠত না।
সাবেক রাষ্ট্রপতি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়ের বিষয়টি উত্থাপনের জন্য তিনি প্রস্তাব করেছেন। বর্তমানে সংসদ নির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করার নিয়ম রয়েছে।
