ইলিয়াস সিলেট বিএনপির কেউ নন ঃ সাংসদ নাসের
বিএনপির সাংসদ ইলিয়াস আলিকে ‘রাজনৈতিক দুষ্টক্ষত’ হিসাবে অভিহিত করলেন সিলেটের আরেক সাংসদ নাসের রহমান। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের একই সঙ্গে আরো বলেছেন, ইলিয়াস সিলেট বিএনপির কেউ নন।
নাসের রহমান বৃহষ্পতিবার বিডিনিউজের সিনিয়র প্রতিবেদক কামরান রেজা চৌধুরীর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে সিলেটে বিএনপির রাজনীতি এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন।
একটি দুষ্টচক্র ইলিয়াস আলিকে অর্থমন্ত্রীর বিরুদ্ধে লেলিয়ে দিলেও সাইফুর রহমান কখনো কোনো অন্যায় বা দুর্নীতির কাছে মাথা নত করেননি। জাতীয় পর্যায়ে পরিচয়পত্র প্রবর্তন এবং পাসপোর্ট প্রকল্প বাতিলের কথা মনে করিয়ে দিয়ে নাসের রহমান একথা বলেন।
হাইকোর্টে বিচারপতি নিয়োগ সম্পর্কে নাসের বলেন, এর আগের আওয়ামী লীগ সরকার ২৭ এবং বিএনপি সরকার ২৯ জন বিচারক নিয়োগ দিয়েছিল। বিষয়টি মনে করিয়ে দিয়ে নাসের মন্তব্য করলেন, ‘অদূর ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার মতো কোনো নিরপেক্ষ লোকই খুঁজে পাওয়া যাবে না।’
সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন যে নির্বাচন কমিশন সংস্কার করা হলে তারা বেশি ভোট পাবেন, তবে তারা সংস্কার করছেন না কেন?
ইলিয়াস প্রসঙ্গে ফিরে গিয়ে নাসের বলেন, সিলেট-২ আসনের সাংসদ ইলিয়াস আলি ও তার অনুসারীরা স্পষ্টতঃই সিলেট রাজনীতির ক্ষয়িষ্ণু শক্তি ।
নাসেরের মতে আগামি নির্বাচনে আওয়ামী লীগ যোগ্য প্রার্থী দিলে সিলেট ২ আসনে ইলিয়াস আলি আর জিততে পারবে না। গত কয়েক বছরের সহিংস পরিস্থিতির দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, সিলেট বিএনপি শাখার সভাপতি হিসেবে ইলিয়াসকে মনোনীত করা হলে সিলেটে রক্তক্ষয় বন্ধ করা সম্ভব হতো না।
‘সিলেটবাসী ইলিয়াস আলিকে সাইফুর রহমানের প্রতিদ্বন্দ্বী মনে করেন না কারণ সাইফুর রহমান সিলেটে একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব। তার সঙ্গে সবার তুলনা চলে না’। নাসের ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেটবাসী বিস্মিত যে বিএনপির কেন্দ্রীয় নেতারা ইলিয়াসকে শোকজ পর্যন্ত করেননি। তার মতে, ইলিয়াসের প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের এ দৃষ্টিভঙ্গি আগামি নির্বাচনে প্রভাব ফেরথে পারে।
নাসের তার পিতার বিরুদ্ধে ইলিয়াসের কার্যক্রমের পটভূমি ব্যাখ্যা করে বলেন, সাইফুর রহমানের বিরুদ্ধে ইলিয়াসকে দাঁড় করানোর ক্ষেত্রে প্রধান দুই মদদদাতা সংসদ সদস্য মকবুল হোসেন ও শফি আহমেদ চৌধুরীর ভবিষ্যত এখন শেষ হয়ে গেছে। মকবুল হোসেন কানাডায় চলে গেছেন, তত্ত্বাবধায়ক সরকার আসার আগে তিনি দেশে ফিরবেন না। নাসের দাবি করেন, এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সাথে বিএনপি জোটবদ্ধ হলে বিএনপির কেন্দ্রীয় নেতারা শফি আহমেদ চৌধুরীকে মনোনয়ন দেবেন না।
মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নাসের বলেন, ‘মকবুল হোসেন দেশ থেকে পালিয়ে গেছেন। মকবুলের সিলেট-৬ আসনের মনোনয়ন এখন এনাম আহমেদ চৌধুরী অথবা জাতীয় পার্টির প্রতিনিধি আতিকুর রহমান আতিককে দেওয়া হবে’।
ইলিয়াসের সিলেট-২ আসন মূলত বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে। নাসের বলেন, ইলিয়াস বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। কিন্তু এ আসনের মোট ভোটারের দুই-তৃতীয়াংশই বালাগঞ্জের। তিনি মনে করেন, অধিকাংশ জনগন চান তাদের পরবর্তী সাংসদ বালাগঞ্জ থেকে আসবেন বিশ্বনাথ থেকে নয়।
সাবেক সচিব সফিউর রহমানকে একজন ভাল মানুষ হিসেবে বর্ণনা করে নাসের বলেন, ‘সিলেট-২ আসনের জন্য আওয়ামী লীগ সফিউরকে মনোনয়ন দিলে পরের নির্বাচনে বিজয়ী হতে ইলিয়াসকে বেশ বেগ পেতে হবে’।
ইলিয়াস আলির রাজনৈতিক জীবন সম্পর্কে নাসের রহমান বলেন, তিনি ছাত্রলীগের (বাকশাল) সাথে জড়িত ছিলেন। পরে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজে যোগ দেন। তিনি দাবি করেন, ইলিয়াসের অনুসারীরা বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলার বাইরে আর কোথাও যেতে পারবেন না।
প্রতিবেদককে নাসের অনুরোধ করেন, ইলিয়াসকেই প্রশ্ন করুন যে মোট কয়টা ছাত্র সংগঠনের সদস্য ছিল। নাসের বলেন, ইলিয়াস মাত্র ৪৩ দিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
সাইফুর রহমান ও ইলিয়াস আলীর মধ্যে দ্বন্দ্বের শূরু হয় সিলেটে বিএনপির নেতৃত্ব নিয়ে । চলতি বছরের জুনে ইলিয়াসের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়া হলে পদত্যাগের হুমকিও দিয়েছিলেন সাইফুর।
বিএনপির প্রবীণ নেতা সাইফুর রহমানকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমর্থন করায় তখনকার মত এ বিবাদ মিটে যায়।
