২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা করলে তার পরিণাম হবে ভয়াবহ: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের চেদ্বা করলে তার পরিণাম হবে ভয়াবহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 10:36 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

তিনি বলেন, তখন মাত্র ৩ দিন সংসদ অধিবেশন বসতে পেরেছিলো। এবার অধিবেশনই বসাতে পারবে না।

তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা বিচারপতি কে এম হাসানকে পদ না গ্রহণ করার আহবান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানী গ্রহণ করতে তিনি বিব্রত হয়েছিলেন। কিন্তু এখন এত বলার পরও তিনি বিব্রত হচ্ছেন না, উল্টো বেহায়াপনা দেখাচ্ছেন।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে বৃহস্পতিবার রাতে দলের ঢাকা মহানগরের ৮ টি আসনের সাবেক সাংসদ, সাংসদ প্রার্থী, মহনগরের ২২ সাংগঠনিক থানার সভাপতি ও সাধারন সম্পাদক এবং দলের সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার উদ্বোধনী বক্তব্য শেষে রাত সাড়ে ৮ টায় এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠকে ১০ সেপ্টেম্বরের হরতাল, ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং ১৮ সেপ্টেম্বর মহাসমাবেশ সফল করতে বিভিন্ন নির্দেশনা দেয়া হবে।

বৈঠকে অন্যদের মধ্যে দলের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, কাজী জাফরউল্লাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।