২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর সিপিডি - জ্বালানি উপদেষ্টার বিরোধের অবসান

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বৃহস্পতিবার ড. রেহমান সোবহান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর ট্রাষ্টি বোর্ডের তিন সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা প্রত্যাহার করে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 09:59 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস এবং অপর কয়েকজন শীর্ষ কূটনীতিকের সাথে উভয়পক্ষের আলোচনার পর মামলাটি প্রত্যাহার করা  হলো।

জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যন মাহমুদুর রহমান ঢাকার সিএমএম আদালতে উপস্থিত হয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেন, তারা এ বিষয়ে আদালতের বাইরে একটি সমঝোতা করে নিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এম মিজানুর রহমান অভিযুক্তদের খালাস দেন।

এর আগে মাহমুদুর রহমান এবং ড. দেবপ্রিয় ভট্টাচার্য ব্রিটিশ হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বেশ কয়েকবার আলোচনায় বসেন।

অন্যদিকে তারা দুজনই বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতিতে সাক্ষর করেন এবং পৃথকভাবে তা সাংবাদিকদের অবগত করেন।

বিবৃতিতে সিপিডি ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের মধ্যে সাম্প্রতিক বাকযুদ্ধের বিষয়ে বলা হয়, ‘আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে বলে আমরা একমত হয়েছি এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ঘটনার সমাপ্তি টানতেই সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হলো। এ ছাড়া ঘটনার জন্য উভয়পক্ষই দুঃখ প্রকাশ করেছে’।

এর আগে মাহমুদুর রহমানের দায়ের করা মানহানি মামলায় গত ৯ আগস্ট আদালত পাঁচ বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।

অভিযুক্তরা হলেন, অর্থনীতিবিদ ও সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সিপিডি নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, সাবেক অর্থমন্ত্রী এম সায়েদুজ্জামান এবং মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর সাবেক সভাপতি লায়লা রহমান কবীর।

এরপর ১০ আগস্ট সিএমএম আদালতে বিচারাধীন এই মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে সরকার ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাইকোর্ট একটি রুল জারি করে। এছাড়া মামলার সকল কার্যক্রমও হাইকোর্ট স্থগিত করে।

এই সমঝোতার পেছনে বিদেশী রাষ্ট্রদূতদের কোন স্বার্থ আছে কিনা প্রশ্ন করা হলে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘তাদের স্বার্থ নিয়ে তাদেরকে প্রশ্ন করাই ভালো হবে’। তবে এই মধ্যস্থতা স্থানীয়ভাবে হলেই বেশি খুশি হতেন বলে তিনি উল্লেখ করেন। 

বিনিয়োগ সংক্রান্ত যে পরিসংখ্যান থেকে এই সমস্যার সূত্রপাত হয় সে বিষয়ে ড. দেবপ্রিয় বলেন, সিপিডি তার অবস্থানে অনড় রয়েছে এবং দেশের বিনিয়োগ নীতিমালা মূল্যায়নও অব্যাহত রাখবে।

অপরদিকে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, দেশের কোন ব্যক্তি এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় বিদেশী বন্ধুরাই সমঝোতার উদ্যোগ নিয়েছে। এখানকার জনগণ বিবৃতি দেওয়া নিয়ে ব্যস্ত বলেও তিনি উল্লেখ করেন।

মাহমুদুর রহমান তার বিনিয়োগ বোর্ডের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, ‘এই পদক্ষেপের মধ্যে আমি খারাপ কিছু তো দেখছি না। আপনারা এটাকে নেতিবাচকভাবে বিবেচনা করছেন কেন? তারা আমাদের বন্ধু ও শুভাকাঙ্খী’।

তিনি বলেন, ‘আমি মামলা প্রত্যাহার করতে রাজী হয়েছি, কারণ অভিযুক্ত ব্যক্তিরা আমাকে বলেছেন যে, তারা আমাকে রাজাকার আখ্যায়িত করেননি’।

তিনি বলেন, এক সপ্তাহ আগে এই পদক্ষেপ নেওয়া হয় এবং গত দুদিনে এটা একটা সিদ্ধান্তে পৌঁছে।

‘কিন্তু দেশের অর্থনীতি ও বিনিয়োগ সংক্রান্ত আমার মন্তব্যে আমি অবিচল’ বলেও তিনি উল্লেখ করেন।