সরকারবিরোধী আইনজীবীদের দেশব্যাপী কালো দিবস পালন
সরকারবিরোধী আইনজীবীদের সংগঠন আইনজীবী সমন্বয় পরিষদ তাদের ‘আদালত বাঁচাও, দেশ বাঁচাও’ আন্দোলনের অংশ হিসাবে বুধবার দেশের সকল আইনজীবী সমিতি ভবনে কালো দিবস পালন করেছেন।
কালো দিবসের কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাচ ধারণ, মানববন্ধন, সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে ঢাকা আইনজীবী সমিতিতে বিকাল সাড়ে ৩টায় এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার দলীয় বিবেচনায় গত ২৩ আগস্ট হাইকোর্টে ১৭ বিচারককে নিয়োগ দিয়েছেন। এসবের প্রতিবাদে এবং বিচার বিভাগ, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা অভিযোগ করেন, সরকার মাযদার হোসেন মামলার রায়কে পাশ কাটিয়ে তথাকথিত বিধি প্রণয়ন করায় বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণ অনিশ্চিত হয়ে পড়েছে।
সমিতির সভাপতি নুরুজ্জামান ননীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম, ঢাকা আইনজীবী সমিতির সহ-সভাপতি শাহ আলম তালুকদার, সমন্বয় পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী।
