সংস্কার প্রশ্নে আলোচনার সুযোগ শেষ হয়ে যায়নি: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বিভিন্ন জনসভায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রসঙ্গে বলেছেন, ‘বাইরের বক্তব্যের ভাষা আর আলোচনার ভাষা এক নয়। এখনো আলোচনার সুযোগ রয়েছে। তারা তাদের ও আমরা আমাদের লোক দিলেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব’।
বিরোধী দলের বুধবারের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি উপলক্ষে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
তিনি এ সময় আবারো বিরোধী দলের প্রতি ধ্বংসাত্মক আন্দোলন ছেড়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
মান্নান ভূঁইয়া বলেন, বিরোধী দলের কোন কর্মসূচির সাথে জনগণের সম্পৃক্ততা নেই। এর আগেও তাদের কোন আন্দোলন সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। এতদিনের আন্দোলনেও তারা সরকারের পতন ঘটাতে পারেনি, আগামী দুই মাসেও তা সম্ভব হবে না। তাই ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের প্রস্তাবিত দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে আলোচনার সুযোগও শেষ হয়ে যায়নি। বিরোধী দলের পক্ষ থেকেই এ প্রস্তাব দিতে হবে। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোন প্রস্তাব দেয়া হবে না।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে বাদ দিয়ে সংবিধানের পাঁচটি ‘অপশন’-এর মধ্যে অন্যগুলো কেন বিবেচনায় আনা হচ্ছে না, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যদি কারো ‘ফার্স্ট ক্লাস’ পাওয়ার সুযোগ থাকে, তবে কি সে ‘সেকেন্ড ক্লাস’-এর কথা ভাববে? এখানে কেএম হাসান সাহেবকে পাওয়া গেলে অন্য অপশন নিয়ে ভাবার দরকার কি?’
তিনি বলেন, প্রতি বছর যেন একজন নিরপেক্ষ লোক খুঁজতে না হয়, তাই সকলের সম্মতিক্রমে একজন সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিধান রাখা হয়েছে। কেএম হাসান একজন সাবেক প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির ওপর আস্থা না থাকার মানে হচ্ছে বিচার বিভাগের ওপরই আস্থা নেই। কেএম হাসানকে বাদ দিলে সংবিধান অনুযায়ী যার নাম আসবে, তাকেও বিরোধী দল চাইবে না।
তবে এ ব্যাপারে আলোচনার মাধ্যমে একটি সমাধান হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
