নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এনডিআই প্রতিনিধি দল ঢাকায়
আগামী সংসদ নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার ঢাকায় এসেছে
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমক্র্যাট দলের সিনেটর টম ড্যাসেল, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাবেক মহাপরিচালক মাইক মুর, কম্বোডিয়ার সাবেক মন্ত্রী মু সোচুয়া, এনডিআই এর এশিয়া বিষয়ক উপ-পরিচালক টমাস বেরি, এনডিআই এর বাংলাদেশ বিষয়ক আবাসিক পরিচালক ওয়েন লিপপার্ট এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেবোরাহ হিলি।
এনডিআই এর এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও সমর্থন প্রকাশই এই সফরের উদ্দেশ্য।
প্রতিনিধি দলটি আগামী নির্বাচন ও সরকারের নির্বাচনী প্রস্তুতি ঘিরে সৃষ্ট পরিবেশ নিয়ে একটি নিরপেক্ষ প্রতিবেদন পেশ করবে।
নির্বাচনী প্রক্রিয়া উন্নয়নে এনডিআই একটি সুপারিশমালাও পেশ করতে পারে।
প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনার, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিদেশী কূটনীতিকদের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
বিৃবতিতে আরও বলা হয়, এনডিআই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠাবে।
যুক্তরাষ্ট্রের একটি বেসরকারী ও স্বতন্ত্র সংগঠন এনডিআই বিশ্বের বিভিন্ন দেশে ১০০টিরও বেশি নির্বাচন-পূর্ব, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে।
