পদত্যাগ প্রশ্নে সিইসির ফের ‘নো কমেন্ট’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ পদত্যাগের প্রশ্নে এখনও মুখ খুলতে চাইলেন না।
সিইসিসহ চার নির্বাচন কশিনারের পদত্যাগের দাবিতে বিরোধী দলের চলমান আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শুধু বললেন, ‘নো কমেন্ট।’
সিইসির সঙ্গে সাক্ষাতের জন্য দীর্ঘ অপেক্ষার পর বুধবার বিকাল ৫ টার দিকে অফিস ত্যাগ করার সময় তিনি একথা বলেন।
তবে তিনি বলেন, ‘এটি গণতান্ত্রিক দেশ। অতীতেও আন্দোলন হয়েছে, আন্দোলন হবে। আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে।’
চার নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন কমিশন সচিবালয়ে চারটি প্রমাণ আকৃতির প্রতীকী কলম রেখে যায়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সিইসি বলেন, ‘দেখুন, আমি জীবনে পড়ালেখা কিছু করেছি। কিন্তু জীবনে এতো বড় কলম দেখিনি।’
এর আগে সিইসি সকাল ১০ টায় ও বেলা ১২ টায় দুদফায় অন্য তিন নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক করেন।
