২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা ও পূজায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে

রমজান মাস ও দূর্গা পূজার সময় পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বোমা মেরে উড়িয়ে দেয়া ও গুপ্তহত্যার ব্যাপারে জঙ্গিদের সাম্প্রতিক হুমকির প্রেক্ষিতে সরকার সারাদেশে ভয়াবহ বোমা হামলা ও গুপ্তহত্যার আশংকা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এ কারণে আসন্ন রমজান, ঈদ এবং দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাসহ সারাদেশে র‌্যাব এবং পুলিশকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে। এছাড়াও বিমানবন্দরসহ কূটনৈতিক জোনেও নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, পুলিশের আইজি আনোয়ারুল ইকবালসহ র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রমজান ও দূর্গা পূজার সময় বোমা হামলা ও নাশকতার আশংকা করা হচ্ছে। এ কারণে ওই সময়ের জন্য ঢাকাসহ দেশব্যাপী নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া এক রিপোর্টে ঢাকাসহ গোটা দেশের পূজা মন্ডপগুলোর নিরাপত্তা বিঘিœত হওয়ার ইঙ্গিতের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রমজান এবং দূর্গা পুজার সময় পুলিশের পাশাপাশি আনসার, বিডিআর ও  র‌্যাব মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, ঢাকায় র‌্যাব ও পুলিশের প্রায় এক হাজার সদস্য সার্বক্ষণিক মোটর সাইকেলে টহল দেবে। এ সময় বিভিন্ন বস্তি এবং হোটেলে ব্লক রেইড দেয়া হবে।

পুরো রোজার মাসে ঢাকা মহানগরীকে যানজট মুক্ত এবং জনগণের কেনা-কাটার সময় নিরাপত্তা নিশ্চিত করতে ২৩৪টি মার্কেটের সামনে পুলিশ মোতায়েন ও ৪৫টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। প্রত্যেকটি ক্যাম্পে ১০ জন করে পুলিশ থাকবে। ক্যাম্পের পুলিশ পর্যায়ক্রমে নির্দিষ্ট এলাকায় টহল দিবে।

র‌্যাবের সদস্যদের নিজ নিজ এলাকার পুজামন্ডপের আশেপাশে টহল জোরদার করতে বলা হয়েছে। জেলা পর্যায়ের পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারদের এবং জেলার ঝুকিপুর্ণ মন্ডপে র‌্যাব পাঠানোর জন্য  নির্দেশ দেয়া হয়েছে। ট্রাক, বাস এবং রেলের ছাদে যাত্রী পরিবহন রোধে প্রত্যেকটি চেক পয়েন্টে কড়া পুলিশ পাহারা বসানো হবে।

সূত্র জানায়, রাজধানী যানজট কমাতে পুরনো গাড়ী আটক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্য প্রতিরোধে ৩৫টি ভ্রাম্যমান আদালত মাঠে নামানো হবে।

রোজা ও পুজার সময় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ৬৫০টি ক্রাইম স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্পটে পুলিশি টহল জোরদার এবং  চিহ্নিত ছিনতাইকারিদের দ্রুত গ্রেফতার এবং তাদের জামিন রোধে আইনি পদক্ষেপ জোরালো করতে ঢাকা সিএমএমকে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও পার্শ¦বর্তী দেশ ভারতে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফেরা ঠেকাতে স্থল, নৌ ও বিমান বন্দরগুলোতে তাদের ছবি পাঠানোর ব্যবস্থা নিতেও মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।