২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি প্রশ্নে কঠোর সমালোচনার মুখে যোগাযোগ মন্ত্রণালয়

সরকারি হিসাব কমিটি মঙ্গলবার দুর্নীতি প্রশ্রয় দেওয়ার অভিযোগে যোগাযোগ মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

একই সাথে মন্ত্রণালয়ের তৈরি করা টেন্ডার সংক্রান্ত দুটি প্রতিবেদনও কমিটির বৈঠকে প্রত্যাখান করা হয়।

বৈঠকে ১৩ কোটি টাকার একটি কাজের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিএনপি সাংসদ মঞ্জুর কাদেরকে প্রধান করে তিন সদস্যের একটি উপ--কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি হারুন--আল রশীদ বিডিনিউজকে যোগাযোগ মন্ত্রণালয়ের তৈরি করা প্রতিবেদন প্রত্যাখান করার বিষয়টি জানান। 

হিসাব নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী বৈঠকে বলা হয়, বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) ২০০১ সালে টেন্ডারের বিষয়ে পত্রিকায় কোন বিজ্ঞাপন প্রকাশ না করেই ২১ টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার মাধ্যমে সরকারের ১৩ কোটি টাকার বেশি অর্থ গচ্চা গেছে।

আর এই কাজ বৈধ করতে সড়ক ও জনপথ বিভাগ একটি ভূয়া টেন্ডার বিজ্ঞাপন উপস্থাপন করেছে। এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

সরকার পরিবর্তনের পর যোগাযোগ মন্ত্রণালয় এই টেন্ডার প্রক্রিয়ায় কোন দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ২০০৩ ও ২০০৪ সালে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। সেখানে কোন দুর্নীতি হয়নি বলে দুটি কমিটিরই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কিন্তু হিসাব নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, সরকার সেখান থেকে টেন্ডার শিডিউল বিক্রয় বাবদ কমপক্ষে ২৮ লাখ টাকা আয় করতে পারতো, কিন্তু আয় হয়েছে মাত্র ৩ লাখ ৩৭ হাজার টাকা।

হিসাব নিরীক্ষা অধিদপ্তরের তথ্য উল্লেখ করে কমিটির সদস্যরা অভিযোগ করেন, কাজের মান অত্যন্ত নিন্মমানের হওয়ার কারণে সরকারে ১৩ কোটি টাকাই গচ্চা গেছে।

এদিকে এ বিষয়ে তদন্তের জন্য নতুন উপ--কমিটিকে আগামী বৈঠকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির পরবর্তী বৈঠকের তারিখ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।