বরিশালে ১৪ দলের পদযাত্রা কর্মসূচি পালিত
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে মঙ্গলবার বরিশালে ১৪ দলের বিভাগীয় পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, বাংলাদেশের ওয়াকার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, গণফোরাম সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্যসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পদযাত্রা শুরুর আগে বিকেলে শহরের কালেক্টরেট ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক শওকত হোসেন হিরণ।
সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু বলেন, মানুষের জন্য সংবিধান। সংবিধানের জন্য মানুষ না। কিন্তু প্রধানমন্ত্রী সংস্কার প্রস্তাব প্রত্যাখান করে আগামীতে রক্তপাত ঘটাতেই সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহম্মেদ, ওয়ার্কাস পার্টি সভাপতি রাশেদ খান মেনন, গণফোরাম সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য, ন্যাপ সাধারণ সম্পাদক ইনামুল হক, গণতান্ত্রিক পার্টির আবদুল বারি জোদ্দার, আওয়ামী লীগের হাবিবুর রহমান খান, ইছহাক আলী খান পান্না ও মশিউর রহমান মিন্টু।
সমাবেশ শেষে বিকাল পৌনে ৬টার দিকে ফজলুল হক এভিনিউ থেকে পদযাত্রা শুরু হয়ে সদররোড, হাসপাতাল রোড, বিএস কলেজ রোড, নথুল্লাবাদ, বটতলা মোড় এবং লাইন রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
