ঘেরাও কর্মসূচিতে ব্যাপক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস: সাবের, সেলিমসহ অর্ধশত আহত
বিরোধী ১৪ দলীয় জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে ধানমণ্ডিতে পুলিশের বেপরোয়া লাঠিচার্জে বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাজি সেলিমসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ অ্যাকশনে নামে। এসময় রাসেল স্কোয়ারের দিক থেকে কয়েক হাজার নেতাকর্মীর একটি মিছিল ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের পূর্ব পাশে রাপা প্লাজার সামনে এসে পৌঁছায়। মিছিলটি পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যেতে চেষ্ট করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং প্রায় অর্ধশত টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতার রাজিৈনতক সচিব সাবের হোসেন চৌধুরী, লালবাগ এলাকার সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহত সাবের হোসেন চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় আসাদুজ্জামান নূর রিকশায় করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ এখান থেকে যুব মহিলা লীগের সভানেত্রী তুহিনসহ ৩০/৩৫ জনকে গ্রেপ্তার করে।
এদিকে আগার গাঁও মোড়ে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ওই এলাকায় পুলিশ ব্যারিকেডের সামনে বেলা বারোটা নাগাদ মতিয়া চৌধুরী, সৈয়দ জাফর সাজ্জাদসহ ১৪ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা খোলা ট্রাকে করে এসে পৌঁছান এবং বক্তৃতা করেন।
বিরোধী দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকাল থেকেই হাজার হাজার কর্মী- সমর্থক মিছিল সহ নির্দিষ্ট জায়গাগুলোতে জমায়েত হতে শুরু করে। নির্বাচন কমিশনে ঢোকার প্রত্যেকটি পথে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জায়গাগুলোতে চাপা উত্তেজনার সৃষ্টি করে।
ধানমণ্ডি ৩২ নম্বর সড়ক সংলগ্ন রাসেল স্কোয়ারে জমায়েত হওয়া ১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশে সকাল থেকেইœ নেতারা বক্তব্য রাখেন। লালবাগ, রায়ের বাজার ও পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে শত শত লোকের মিছিল রাসেল স্কোয়ারে এসে জমায়েত হয়েছে। সমাবেশে বাধা না দিলেও পুলিশ নির্বাচন কমিশন সচিবালয়ে যাওয়া ঠেকাতে নগরীর বিভিন্ন জায়গায় ‘ব্যারিকেড’ দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে।
সকাল সাড়ে দশটা থেকে রাসেল স্কোয়ারের জমায়েতে বক্তব্য রেখেছেন আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ মোশাররফ, মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলি ভুঁইয়া, হাজি সেলিম, অধ্যাপক আবু সায়ীদসহ ১৪ দলের অন্যান্য নেতারা।
বিজয় সরণী মোড়ে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ, মহিলা পুলিশ মোতায়েনের পাশাপাশি বিডিআর -এর ভ্রাম্যমান দলের উপস্থিতি দেখা গেছে। এই রাস্তায় মিরপুরগামী কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ। শুধু মিরপুরের দিক থেকে এদিকে রিকশা আসতে দেওয়া হচ্ছে।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে যে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ অপর তিন কমিশনারসহ অনির্ধারিত বৈঠকে বসেছেন। কমিশন সচিবালয়ের অপর সকল কর্মকর্তা যথারীতি অফিস করছেন।
প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনারদের পদত্যাগ, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী ১৪ দলীয় জোট আজকের ঘেরাও কর্মসূচি আহ্বান করে।
