২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্য ফ্রন্টের অভিনব কর্মসূচি

জাতীয় ঐক্য ফ্রন্ট নেতারা প্রমাণ আকৃতির চারটি প্রতীকী কলম নিয়ে মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনে গিয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তারা এই অভিনব পদ্ধতি নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

তবে এ সময় সিইসি বিচারপতি এমএ আজিজ অফিসে ছিলেন না। ঐক্য ফ্রন্ট নেতারা সিইসির বন্ধ অফিস কক্ষের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে প্রতীকী কলমগুলো তার দরজায় রেখে আসেন।

বেলা আড়াইটার দিকে সিইসি অফিস ছেড়ে চলে যাওয়ার পর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকাল পৌণে ৪ টার দিকে একটি পিকআপ ভ্যানে করে ঐক্য ফ্রন্ট নেতারা নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন। কাগজের তৈরি প্রায় আট ফুট লম্বা ডামি কলমগুলোর গায়ে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিসহ নানা দাবিদাওয়া লেখা ছিল।

সেখানে ঐক্য ফ্রন্টের নেতা মেজর (অব.) আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘আমরা সিইসিসহ চার নির্বাচন কমিশনারকে এই প্রতীকী কলম উপহার দিয়ে জানিয়ে দিতে চাই, আপনারা জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন; দেশ ও জাতিকে রেহাই দিন।’

তিনি বলেন, ‘আমরা তাদের এক সপ্তাহের আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে পদত্যাগ না করলে ঘেরাও, অবস্থান ধর্মঘট, পদযাত্রাসহ আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।’

ঐক্য ফ্রন্ট নেতা মাহি বি. চৌধুরী এমপি সদ্য নিয়োগপ্রাপ্ত নির্বাাচন কমিশনার মাহমুদ হাসান মনসুরকে ইঙ্গিত করে বলেন, আগামী নির্বাচনে সেনাবাহিনীর ওপর প্রভাব খাটানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একজন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে নির্বাচন কমিশনার করা হয়েছে। তিনি বলেন, এটি করা হয়েছে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর কথা মনে রেখে।

ঐক্য ফ্রন্টের এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা জাকির হোসেন, মোস্তফা মহসিন মন্টু, কমান্ডার আব্দুর রউফ প্রমুখ।

পরে নির্বাাচন কমিশনার হাসান মনসুরের কাছে ঐক্য ফ্রন্টের ওই কর্মসূচির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় আমাকে নিয়োগ দিয়েছে। তবু কেউ যদি আমার পদত্যাগ দাবি করে, এটি তাদের গণতান্ত্রিক অধিকারের বহিঃপ্রকাশ। এর চেয়ে আমার বেশী কিছু বলার নেই।’

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার দ্বিতীয় দিনেই পদত্যাগের দাবির মুখোমুখি হওয়ায় আপনি বিব্রত বোধ করছেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন।