নির্বাচন কমিশন ঘেরাও: পুলিশ -- বিরোধী দল মুখোমুখি
নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি নিয়ে সরকারের কঠোর অবস্থানের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী জোট পুলিশকে মোকাবিলার জন্য প্রস্তুত।
মঙ্গলবার বিরোধী দলের এক বিবৃতিতে বলা হয়, বুধবার নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সফল করার জন্য তারা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। শেরেবাংলা নগর থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যাত্রা শুরু হবে। তাদের এই কর্মসূচি চলবে সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপূর ১টা পর্যন্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্বাচন কমিশনের আশপাশে কোন ধরনের সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও বিরোধী দল তাদের দাবী আদায়ের জন্য সরকারের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা এ অবস্থায় বলছেন, দুপক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকা রয়েছে। তারা বলছেন, বুধবার সরকার ও বিরোধী দল উভয়ের জন্য একটি দিন। এদিনটির উপরই নির্ভর করছে মাস শেষে কি ঘটবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ এক প্রস্তুতি সভায় কর্মসূচি সফল করার জন্য দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের ব্যাপারে তাদের দাবী না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
বিরোধী জোটের এই কর্মসূচিতে পুলিশের প্রস্তুতি কিরকম তা জানার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম মিজানুর রহমানের সঙ্গে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
