২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবিকা আর রাজনীতির মাঝখানে

প্রতিদিনের অফিসগামী মানুষ রোববার সকালে রাস্তায় বেরিয়েই এক অন্যরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। হরতাল নয়, ধর্মঘট নয়, তবু যানবাহনের দারুণ অভাব। কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পদযাত্রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 02:23 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নিজেদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নির্বাচনের আগে সর্বোচ্চ শক্তি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বিএনপি। নিজ দলের কর্মীদের চাঙ্গা করতে এই পদযাত্রায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজে অংশ নিচ্ছেন।

কর্মসূচির নাম পদযাত্রা হলেও ঢাকাসহ সারাদেশের সমর্থকদের একসঙ্গে করার উদ্দেশ্যে অনেকগুলো বেসরকারি বাস ও বাহন রিকুইজিশন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যান চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে।

একাধিক সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পদযাত্রায় অংশ নিশ্চিত করার জন্য কর্মী সংগ্রহে বিএনপি শতাধিক বাস ভাড়া করেছে। স্বভাবতই বাস সংকটে পড়ে অফিসগামী মানুষ ও স্কুল, কলেজ পড়–য়া ছাত্র ছাত্রীরা। মানুষকে পোহাতে হয় অবর্ননীয় কষ্ট।  

রোববার সকালে হাজার হাজার অফিসগামী মানুষকে বিভিন্ন বাস স্টেশনে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। অবশ্য এদের মধ্যে শুধু ভাগ্যবানরাই ধাক্কাধাক্কি এবং প্রায় মারামারি করেই উঠতে পেরেছেন বাসে।

ধানমন্ডি, মোহাম্মদপুর, ফার্মগেট, শ্যামলী, কল্যাণপুর এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী ছাত্র ছাত্রীদের যানবহান স্বল্পতার কারণে পায়ে হেঁটে বাসায় ফিরতে দেখা গেছে।

পুলিশ সূত্র জানায়, পদযাত্রায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশগ্রহণ করবেন বলে র‌্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার  অতিরিক্ত ৫০০০ সদস্য নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করবেন। গোয়েন্দা সদস্যরা বিভিন্ন স্পটে নজরদারি করবেন।

এছাড়া সন্দেহজনক স্থানগুলোতে সারাদিন ধরেই নগরীর বিভিন্ন জায়গায় র‌্যাব সদস্যরা ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালিয়েছেন।

সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বলেন পদযাত্রার সবকটি পয়েন্টে জোরদার নিরাপত্তা করা হয়েছে।

পুলিশ জানায় দুপুর দুইটার পর থেকে মিরপুর রোডে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এছাড়া মিরপুর রোডের বিভিন্ন সংযোগ সড়ক গুলোতেও যান চলাচলে কড়াকড়ি আরোপ করার ফলেও মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ।