টাঙ্গাইলে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
বাংলাদেশের অর্জন কোনো দলের নয়। এ অর্জন সমগ্র দেশবাসীর। একে এগিয়ে নিতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুশাসন ও রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশের ৯০ ভাগ মানুষই সৎ ও খেটে খাওয়া মানুষ। অল্প কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তির জন্য দেশের ভাবমূর্তি খারাপ হচ্ছে। নতুন প্রজন্মকে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। টাঙ্গাইলে অনুষ্ঠিত এক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন ২০০৭, জবাবদিহি মূলক উন্নয়ন প্রচেষ্টায় সুশীল সমাজের উদ্যোগ শীর্ষক আঞ্চলিক নাগরিক সংলাপটি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইলের ভাসানী হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সিপিডি’র নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের অর্জন ছোট করে দেখার সুযোগ নেই। এই অর্জন কোনো দলের নয় সমগ্র দেশবাসীর। কৃষির উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু সে তুলনায় দাম বাড়েনি। শহর ও গ্রামের মধ্যে তারতম্য বেড়েছে। ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য বাড়ছে। আমাদের প্রবৃদ্ধি বাড়াতে হবে এবং সে সুফল সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেশে সুশাসন শক্তিশালী এবং রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। বিশিষ্ট শিক্ষাবিদ সেকান্দার হায়াত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতেশ্বরী হোমস এর সাবেক অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দি, প্রেসক্লাবের সভাপতি মির্জা মোহাম্মদ আবদুল মোমেন, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক ড. মাহবুব সাদিক।
মাহফুজ আনাম বলেন, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে দেশ আরো এগিয়ে যাবে। রাজনীতিবিদদের কাজ দেশ ও জনগণের সেবা করা। যাদের ভোটে তারা ক্ষমতায় গেছেন তাদের কথা শুনতে হবে। আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু ও ব্যাপক অংশ গ্রহণের মাধ্যমে হোক।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত একথা বিশ্বাস করি না। দেশের ৯০ ভাগ মানুষ সৎ। তারা দুর্নীতির ধারে কাছেও যায় না। এদেশের মতো খেটে খাওয়া মানুষ আর কোথাও নেই। কিছু সংখ্যক দুর্নীতিবাজের কারণে আমাদের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।
তিনি বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি সেই বাংলাদেশকে দেখতে চাই। নতুন প্রজন্মের দায়িত্ব দেশকে গড়ে তোলার।
মুক্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খান, বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, টাঙ্গাইল পৌসভার চেয়ারম্যান জামিলুর রহমান মিরন, বুরোর নির্বাহী পরিচালক জাকির হোসেন, মহিলা পরিষদের সভানেত্রী বেগম শামসুন্নাহার শান্তি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাবেয়া আনোয়ার, জেলা বারের সভাপতি আরদান আলী মোল্লা, ড. এইচ আর খান, অধ্যাপক ড. মির্জা মাযহারুল ইসলাম, আদিবাসী নেতা অজয় এ ম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল আহসান চৌধুরী, সুজন এর সদস্য সচিব বাদল মাহমুদ ও অধ্যাপক ইউসুব আলী।
