২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ক্রসফায়ারে আওয়ামী লীগ নেতা হত্যায় শেখ হাসিনার প্রতিবাদ

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগ নেতা ও ব্যাবসায়ী মুজিবর রহমান হাওলাদার র‌্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আওয়ামী লীগ সভানেত্রী শনিবার এক বিবৃতিতে বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা--কর্মী ও সমর্থকদের হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। সমগ্র দেশের কোন স্থানে স্বশস্ত্র সন্ত্রাসী দিয়ে, আবার কোন স্থানে পুলিশ ও র‌্যাব দিয়ে আওয়ামী লীগ নেতা--কর্মীদের হত্যা করা হচ্ছে। বাগেরহাটের শরণখোলায় র‌্যাবের ক্রসফায়ারে আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান হাওলাদারকে হত্যা এই নৃশংসতা ও বর্বরতারই ধারাবাহিকতা মাত্র।

শেখ হাসিনা আরো বলেন, প্রতিটি নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক মানবাধিকার। এই অধিকার লঙ্ঘণ করে কোন নাগরিককে বিনা বিচারে হত্যা বিচার বর্হিভূত হত্যারই নামান্তর। এর জন্য হত্যাকারী ও নির্দেশদাতাকেও একদিন আইনের নিকট জবাবদিহি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া অবিলম্বে র‌্যাবের ক্রসফায়ারের মাধ্যমে বিচার বর্হিভূত হত্যাকান্ড বন্ধ করার জন্যও শেখ হাসিনা আহ্বান জানান।