২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদ ভাঙা সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় বিডিনিউজের সমালোচনা করলেন বরিশালের মেয়র

নগরীর বিবির পুকুরের সৌন্দর্য বৃদ্ধির নামে মসজিদ ভাঙার খবর প্রকাশ করায় বার্তা সংস্থা বিডিনিউজের সমালোচনা করলেন সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বৃহস্পতিবার কালীবাড়ী রোডের কর্মবীর আব্দুল খালেক খান মিলনায়তনে ‘স্থানীয় সরকার শক্তিশালীকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যের বেশিরভাগ সময়ই তিনি বিডিনিউজ এবং সাংবাদিকদের সমালোচনা করেন। কর্মশালায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণও দেন।

কর্মশালাটির মডারেটর ছিলেন দৈনিক সমকালের সহকারি সম্পাদক অজয় রায়।

মেয়র বলেন, বিডিনিউজ মসজিদ ভাঙার মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। অথচ যাদের বিষয় তারা কিছুই বলছে না। সব সমস্যা সৃষ্টি করেছে সাংবাদিকরা।

সাংবাদিকদের সমালোচনা করে মেয়র আরও বলেন, বর্তমানে সাংবাদিকতার নামে ‘হলুদ সাংবাদিকতা’ চলছে। তারা যে তথ্য প্রকাশ করে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

তিনি বলেন জনপ্রতিনিধিরা দুর্নীতি করলে তাদের শাস্তি হয়। কিন্তু সাংবাদিকরা মিথ্যা সংবাদ পরিবেশন করলে তাদের কোন শাস্তি হয় না। তিনি মসজিদ ভাঙার বিষয়টি উল্লেখ করে কর্মশালায় বলেন, বিবির পুকুরে সৌন্দর্য বৃদ্ধির জন্য মসজিদটির অংশ বিশেষ ভাঙা হয়েছে। বুধবার তিনি সরেজমিন পরিদর্শন শেষে মসজিদটি সংস্কারের আশ্বাস দেন মুসুল্লীদের।  

এ সময় মেয়র সঠিক সাংবাদিকতার জন্য কিছু ফরমুলা তুলে ধরে সাংবাদিকদেরকে বলেন, ‘মনগড়া নয়, সঠিক প্রমাণাদির মাধ্যমে সংবাদ পরিবেশন করে দেশের আস্থা অর্জন করুন’।