২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির অধীনেই আগামী নির্বাচন অনুষ্টিত হবে: নওগাঁর জনসভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী নির্বাচন সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানের অধীনেই অনুষ্ঠানের ইঙ্গিত করে বলেছেন, বর্তমান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই আগামী তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। তার অধীনেই যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্টিত হবে। এর কোন নড়চড় হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 10:23 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তিনি বুধবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষনে একথা বলেন। উপজেলা বিএনপি সভাপতি আনিছুর রহমান এতে সভাপতিত্ব করেন।

এতে আরো বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, টিএন্ডটি মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, প্রতিমন্ত্রী আলমগীর কবির, জিয়াউল হক, বিএনপি নেতা ডা. ছালেক চৌধুরী, রাকাব পরিচালক রিজভী আহমেদ, সাংসদ সামসুল আলম প্রামানিক, সামসুজ্জোহা খান, রায়হানা আকতার রেনু, জেলা বিএনপি সভাপতি জালাল আহমেদ বকুল, সাধারণ সম্পাদক নাজমুল হক সনি প্রমুখ।

বিরোধী ১৪ দল আহুত দেশব্যাপি সকাল সন্ধ্যার হরতাল ও দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ওই জনসভায় যোগ দেয়।

প্রধানমন্ত্রী বিরোধী দলের তীব্র সমালোচনা করে বলেন, বিরোধী দল এখন তত্ত্বাবধায়ক সরকার চায়না, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা পরপর তিনবার নির্বাচন করেছে। তারা কি তাহলে জোট সরকারের অধীনে নির্বাচন করতে চায়? বিরোধী দল কি চায় তা তারা নিজেরাই জানেনা। তারা নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। কারণ তারা চায় যে কোন উপায়ে ক্ষমতায় যেতে।

খালেদা জিয়া তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে বলেন, দেশ এখন অগ্রসর হচ্ছে। সরকার অর্থনীতিকে চাঙ্গাঁ করেছে। কৃষি খাতে ভর্তূকি দেওয়ায় দেশে উৎপাদন বেড়েছে। দেশ এখন নকলমুক্ত। মেয়েদের একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। সারাদেশে স্বাস্থ্য, বিদ্যুৎ, স্কুল, কলেজ, ব্রীজ কালভাট ও রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়নে কিছুই করেনি। তারা সন্ত্রাস লালন ও জেলায় জেলায় গডফাদার সৃষ্টি করেছিলো। র‌্যাবের মাধ্যমে সরকার সন্ত্রাস দমন করায় বিরোধীদল র‌্যাবের বিরোধিতা করছে। কারণ তারা ক্ষমতায় গিয়ে র‌্যাব তুলে দিয়ে সন্ত্রাস ও গডফাদারের রাজনীতি কায়েম করতে চায়।

তিনি বিরোধী দলের হরতালের নামে জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক রাজনীতি প্রত্যাখান করে উন্নয়ন শান্তি, প্রগতি, গণতন্ত্র ও সংবিধান রক্ষায় আগামী নির্বাচনে আকতার হামিদ সিদ্দিকীসহ বিএনপি প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সভাস্থলে দুঃস্থদের মাঝে ছাগল, সেলাই মেশিন, কম্পিউটার ও স্বল্প সুদে ঋণ বিতরণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী মহাদেবপুর সদর ইউপি কমপ্লেক্স, ডাক বাংলো ও ৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন।