বিচার বিভাগ দলীয়করণে প্রতিবাদে দেশব্যাপি আইনজীবীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বিচার বিভাগ দলীয়করণ ও ধ্বংস করার নীলনক্সার প্রতিবাদে আইনজীবীরা ‘আদালত বাঁচাও, দেশ বাঁচাও’ দাবিতে বুধবার দেশব্যাপি সভা, সমাবেশ ও মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সমাবেশে আইনজীবীরা তাদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে আগামী ৬ সেপ্টেম্বর সারাদেশের সকল আইনজীবী সমিতিতে বিক্ষোভ কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিবাদ দিবস পালনের ঘোষণা দিয়েছেন।
বিচারক নিয়োগে প্রধান বিচারপতির সুপারিশ উপেক্ষা ও স্থায়ীকরণে জ্যেষ্ঠতা লংঘনসহ বিচার বিভাগ পৃথকীকরণের রায় বাস্তবায়ন না করার দায়ে সরকারকে অভিযুক্ত করে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আইনজীবীরা দেশের ৬৪ জেলা আইনজীবী সমিতিতে নানা প্রতিবাদ কর্মসূচী পালন করে।
ঢাকায় কেন্দ্রীয় সমাবেশে ড. কামাল হোসেন বলেছেন, বহুমূল্য ও মানুষের জীবনের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সংবিধান রক্ষার জন্য দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, কার্যকর সংসদ ও সৎ যোগ্য সংসদ সদস্য দরকার।
কেন্দ্রীয়ভাবে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক ব্যারিস্টার আমীর উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার কাউন্সিল সদস্য ইউসুফ হোসেন হুমায়ন, সমন্বয় পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এএম আমিনউদ্দিন প্রমুখ।
