২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে দুই মন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক: সমঝোতার চেষ্টা

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু ও খাদ্য উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দের সমঝোতা বৈঠক শুরু হয়েছে। পার্বতীপুর আমবাড়ী হাই স্কুলে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই বৈঠক শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সরকারের পক্ষ থেকে এই বৈঠকে দিনাজপুর জেলা প্রশাসক তাহসিনুর রহমান এবং পুলিশ সুপার ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। অপরদিকে আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টায় এবং আজ সকাল ১১টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আন্দোলনকারীরা ফুলবাড়ীতে বৈঠক করার সিদ্ধান্তে অটল থাকায় শেষপর্যন্ত তা হয়নি।

পরে আন্দোলনকারীরা নিজেদের মধ্যে আলোচনা শেষে বৈঠকে  বসার এই সিদ্ধান্ত নেন। 

এদিকে হরতাল - বিক্ষোভে ফুলবাড়ী এখন বিদ্রোহের উপশহরে পরিণত হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বুধবার অনির্দিষ্টকালের হরতালের চতুর্থ দিন পালিত হচ্ছে।

এদিকে হরতালের চতুর্থ দিন উপলক্ষে বুধবার সকাল ১১ টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী নিমতলা মোড়ে সমবেত হয় উলে¬খযোগ্যসংখ্যক নারীসহ হাজারো জনতা। সমাবেশে অংশগ্রহণকারীরা এশিয়া এনার্জি কোম্পানির পক্ষে বক্তব্য দেওয়ার জন্য জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কুশ পুত্তলিকা দাহ করে তার বিচারের দাবি জানিয়েছেন। বিক্ষুব্ধ জনতা ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কার্যক্রম বন্ধের জোর দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, স্থানীয় নেতা খুরশীদ আলম মতি, রওশন আহম্মেদ মোল্লা, সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।

আনু মুহাম্মদ বলেন, জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে ২৬ আগস্ট ফুলবাড়ী মহাসমাবেশে গুলি চালানো হয়। এই হত্যাকাণ্ডের বিচার এবং বাংলাদেশ থেকে এশিয়া এনার্জি বিদায় না হওয়া পর্যন্ত ফুলবাড়ী আন্দোলন চলবে।

তিনি আরো বলেন, ফুলবাড়ীতে হাজারো জনগণের আন্দোলন - সংগ্রামে জনগণের শক্তিই প্রমাণিত হয়েছে। এর ফলে এশিয়া এনার্জি বন্ধ রয়েছে এবং এটা জনগণের প্রাথমিক বিজয়।

হরতালকারীরা দিনাজপুর - ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছেন আজও। তারা বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কয়লা খনি প্রকল্প বন্ধের দাবিতে গত শনিবার তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রা জাতীয় কমিটির উদ্যোগে সমবেত জনতার উপর গুলি চালানো হলে অন্ততঃ তিনজন নিহত ও বহুসংখ্যক ব্যক্তি আহত হয়।

এদিকে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা সাকী দাবি করেন, সরকার পক্ষ মৌখিকভাবে তাদের ছয় দফা দাবি মেনে নিয়েছে। তবে তারা এ ব্যাপারে সরকার পক্ষের কাছে লিখিত চেয়েছেন।

আন্দোলনকারীদের মুখপাত্র স্থানীয় নেত্রী রোমানা হাসিম বলেন, স্থানীয় জনগণের একটি দাবি হচ্ছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এবং জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে ফুলবাড়ীতে এসে তাদের পূর্বের দেওয়া দেওয়া প্রত্যাহার করে নিতে হবে।

এর আগে কয়েক হাজার নারীপুরুষ জ্বালানি উপদেষ্টার বিচারের দাবিতে ঢাকা দিনাজপুর মহাসড়কে মিছিল করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল। তবে বৈঠকের ব্যাপারে সরকার পক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।