এশিয়া এনার্জির সাথে চুক্তির বিষয়ে জ্বালানী উপদেষ্টার বক্তব্য অসত্য: বললেন আব্দুল জলিল
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জোট সরকারের জ্বালানি উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের সময়ে এশিয়া এনার্জির সাথে কয়লা উত্তোলনের চুক্তি হয়েছে বলে অসত্য বক্তব্য দিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ১৯৯৪ সালে বিএনপি সরকারের আমলে ড. মোশাররফ হোসেন জ্বালানি মন্ত্রী থাকাকালীন ব্রোকেন হিল প্রোপাইটারি, বিএইচপির সাথে কয়লা উত্তোলনের চুক্তি করেন।
আওয়ামী লীগ সরকার এই চুক্তির সব ধারা অপরিবর্তিত রেখে শুধু এশিয়া এনার্জির কাছে বিএইচপির মালিকানা হস্তান্তরের আবেদন মঞ্জুর করে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের ব্যর্থতা আড়াল করার জন্য জ্বালানি উপদেষ্টা প্রকৃত সত্য গোপন করে মিথ্যাচার করে যাচ্ছেন।
তিনি সংবাদ বিবৃতিতে জ্বালানি উপদেষ্টার প্রতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অসত্য বক্তব্য প্রত্যাহারের আহবান জানান।
