হরতালে কর্তব্য পালনের সময় এক পুলিশের মৃত্যু, রাজধানীসহ সারাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে হরতাল পালিত হচ্ছে
বিরোধী দলগুলোর ডাকে দিনব্যাপী হরতালকালে বুধবার সকালে পুলিশ ও হরতালকারীদের সংঘর্ষের সময় রাজধানীর মিরপুরে দাঙ্গা দমন বিভাগের এক পুলিশ সদস্য মারা গেছে। তার নাম নারায়ণ চন্দ্র বর্মন (৫০)। সংঘর্ষের সময় ইটের আঘাতে আহত হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে পুলিশসহ প্রায় ২০ ব্যক্তি আহত হয়েছে এবং পুলিশ কমপক্ষে ৩০ ব্যক্তিকে আটক করেছে।
জানা গেছে, পুলিশ সদস্য নারায়ণ চন্দ্র বর্মন বুধবার সকালে মিরপুর হার্ট ফাউন্ডেশনে মারা যান। তার বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার নন্দনপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে পল্লবী থানার অধীনে মিরপুর - ১২ এলাকার বাসস্টান্ডের সামনে পুলিশ ও হরতালকারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় হরতালকারীরা ইট - পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশও পাল্টা জবাবে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোঁড়ে। দুইপক্ষের সংঘর্ষের একপর্যায়ে নারায়ণ চন্দ্র বর্মন ইটের আঘাতে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে দ্রুত মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিডিনিউজের সাথে আলাপকালে ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বলেন, ‘মৃত পুলিশ সদস্যের কপালে ইটের আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়না তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না’।
হাসপাতাল সূত্র জানায়, ইটের আঘাত পেয়ে পুলিশ সদস্য হৃদরোগে আক্রান্ত হন এবং যার ফলে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র অনুযায়ী তার বুকের বাম পাশেও আঘাতের চিহ্ন রয়েছে।
পল্লবী থানার ডিউটি অফিসার এস আই এমদাদ জানান, পুলিশ হত্যার ঘটনায় ৫/৬ জনকে আটক করা হয়েছে, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
পুলিশ সদস্যের মৃত্যুর খবর পেয়ে স্বরাষ্ট্র পতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আনোরুল ইকবাল ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমানকে নিয়ে মিরপুর হার্ট ফাউন্ডেশনে ছুটে যান।
এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ ঘটনাকে হত্যাকান্ড বলে আখ্যা দেন এবং পুলিশ মৃত্যুর জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দায়ী করে বলেন, ‘বিরোধী দলীয় নেত্রীর দায়িত্বহীন বক্তব্যের জের ধরেই এ ঘটনা ঘটেছে’।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ - বিডিআরের গুলিতে হতাহতের প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলসহ বিভিন্ন বিরোধী দলের ডাকে দেশব্যাপী সকাল - সন্ধ্যা হরতাল পালনের সময় এ ঘটনা ঘটে।
হরতালকে কেন্দ্র করে মিরপুর, পল্লবী, ধানমন্ডি, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
একইসাথে দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ - বিডিআরের গুলিতে হতাহতের প্রতিবাদে এবং বাংলাদেশ থেকে এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে তেল - গ্যাস - খনিজ সম্পদ ও বিদ্যুৎ - বন্দর রক্ষা জাতীয় কমিটি সারাদেশে বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করছে।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই মিছিল ও সমাবেশ করে।
অন্যান্য দিনের তুলনায় বুধবারের হরতাল কঠোরভাবে পালিত হয়। রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করে। দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক ছিল।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এদিকে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি ও গণসংহতি আন্দোলন পৃথক বিবৃতিতে হরতালের সময় গ্রেপ্তারকৃত শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি ও ৫ বাম দলের নেতা বাচ্চু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আইনুল হক ও আখতার হোসেনকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, হরতাল চলাকালে রণজিৎ মজুমদার রিংকু ও বেলায়েত শিকদার, শ্রমজীবী সমিতির নেতা নজরুল ইসলাম, হোসেন ও জাহাঙ্গীর ও প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় নেতা ও ছাত্র ইউনিয়নের সভাপতি শামসুল আলম সজ্জনসহ অণ্যদের আটক ও পিটিয়ে আহত হকরা হয়। বিবৃতিতে এই হামলাকে নির্লজ্জ বলে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা এবং অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়।
