ফুলবাড়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী সকাল - সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে বুধবার দেশব্যাপী সকাল - সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ - বিডিআরের গুলিতে হতাহতের প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়।
অন্যদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বাংলাদেশ থেকে এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে তেল - গ্যাস - খনিজ সম্পদ ও বিদ্যুৎ - বন্দর রক্ষা জাতীয় কমিটি সারাদেশে বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করছে।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে সকালে মিছিল বের করে।
রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করছে। নগরীর দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, ওষুধ বহনকারী যানবহন, ফায়ার ব্রিগেড এবং সংবাদপত্রের যানবাহন হরতালের আওতামুক্ত রয়েছে।
