২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য ও উৎপাদন সাফল্য ও সমৃদ্ধির চাবিকাঠি: চট্টগ্রামে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী ও প্রগতিশীল জাতি গঠনের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ‘বিশ্ব অর্থনীতি এখন প্রতিযোগিতামূলক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এক্ষেত্রে আমাদের স্লোগান হওয়া উচিত, সাহায্য নয়, বাণিজ্য ও উৎপাদন। বাণিজ্য ও উৎপাদনই সাফল্যের চাবিকাঠি’।

বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মঙ্গলবার দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি) উদ্বোধনকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাস ও সহিংসতা দূর করার জন্য সম্মিলিত উদ্যোগের কোনও বিকল্প নেই’।

কোনও ধরনের কর্মকাণ্ড, সিদ্ধান্ত এবং পদক্ষেপের ফলে সন্ত্রাসী ও সহিংসতা সৃষ্টিকারীরা যাতে উৎসাহিত না হয় সে ব্যাপারে সরকার ও বিরোধী দল, উভয়কেই সতর্ক থাকতে হবে বলে তিনি জানান।

চট্টগ্রামকে দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সকল সম্ভাবনার সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলতে চাই। সেই লক্ষ্যে বন্দরনগরীকে দেশের বাণিজ্যিক রাজনীতিতে পরিণত করতে আমরা এ নগরীর সকল চাহিদা পূরণের জন্য আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সারা দেশের সাথে চট্টগ্রামের যোগাযোগ আরও সম্প্রসারণে প্রধানমন্ত্রী সড়ক, রেল, নদী ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, শিল্পোন্নত দেশে ডব্লিউটিসির ধারণা ব্যবসা - বাণিজ্য জোরদারের ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে নির্মিত ডব্লিউটিসি দেশের অর্থনীতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বলে তিনি তার বক্তব্যে জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেম্বার নেতা এসএম নূরুল হক এবং এমএ লতিফ।

আগ্রাবাদে ১৫০ কোটি টাকা ব্যয়ে ২৪ তলা ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ করা হয়েছে। এতে থাকছে আন্তর্জাতিক মানের একটি সম্মেলন কক্ষ, পাঁচতারা হোটেল, হেল্থ ক্লাব, জিমন্যাসিয়াম, আধুনিক আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট কার পার্কিং, শপিং মল এবং সরাসরি ছাদে অবতরণের জন্য হেলিপ্যাড।

এর আগে প্রধানমন্ত্রী কালুরঘাটে ১৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত জিয়া মেমোরিয়াল কমপ্লেক্সের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তার অবদানের জন্যই জাতি আজ তাকে মর্যাদার আসনে বসিয়েছে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বক্তব্য রাখেন।