২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের শীর্ষ ব্যবসায়ীরা এশিয়া এনার্জির সাথে ফুলবাড়ী খনি চুক্তির বিরোধিতা করলেন

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ মঙ্গলবার এশিয়া এনার্জির সাথে করা পুলবাড়ী চুক্তিকে দেশের ‘স্বার্থ বিরোধী’ বলে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বিদ্যুত, সার ও টেলিযোগাযোগ খাতে কিছু বিদেশী কোম্পানীর সাথে সাক্ষরিত এর আগের চুক্তির বিষয় উল্লেখ করে তারা বলেন, দর কষাকষির অক্ষমতার কারণেই আগের সরকার দেশের স্বার্থ সুরক্ষা করতে ব্যর্থ হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে সাম্প্রতিক ঘটনায় পুলিশের গুলিতে পাঁচ জন নিহত হওয়ায় সমবেদনা প্রকাশ করে ব্যবসায়ী নেতৃবৃন্দ জাতীয় স্বার্থ সুরক্ষা করতে ব্রিটিশ প্রতিষ্ঠানটির সাথে পুনরায় আলোচনার পরামর্শ দেন।

ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ‘ব্যবসা, বাণিজ্য ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ মত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি শফিকুল করিম।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন, বাংলাদেশ তৈরী পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি মো, ফজলুল হক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) সভাপতি একে আজাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘এশিয়া এনার্জি পিএলসির সাথে সাক্ষরিত চুক্তি সমর্থন করা যায় না। সরকারের বর্তমান চুক্তি নিয়ে পুনরায় পর্যালোচনা এবং বাংলাদেশের স্বার্থে একটি নতুন চুক্তি সাক্ষর করা উচিত বলে আমি মনে করি’।

কয়লা রপ্তানি ও এর জন্য ৬ ভাগ রয়ালিটি প্রদান সংক্রান্ত এশিয়া এনার্জির দেওয়া প্রস্তাবও তিনি প্রত্যাখান করেন।

কাফকো, লাফার্জ ও মোবাইল ফোন কোম্পানীগুলোর সাথে সাক্ষরিত চুক্তির বিষয় উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের অসম চুক্তি থেকে সরকারকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে।

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে আলোচনার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের নেওয়া পদক্ষেপ সম্পর্কে মীর নাসির হোসেন বলেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনের জন্য তারা এখন পর্যন্ত তাদেরকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিকেএমইএ সভাপতি মো. ফজলুল হক বলেন, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী মাসগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে তিনি আতংকিত।

নিয়মিত লোডশেডিং, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে দূর্নীতি বিনিয়োগকে বিঘিœত করছে বলেও তিনি উল্লেখ করেন।

এশিয়া এনার্জির সাথে বর্তমান চুক্তির বিরোধিতা করে বিসিআই সভাপতি একে আজাদ আগামীতে খনিজ সম্পদ বিষয়ক যে কোন চুক্তি সাক্ষরের আগে আলোচনা কমিটিতে এফবিসিসিআই প্রতিনিধিদের অর্ন্তভূক্ত করার দাবি জানান।

উল্লেখ্য এশিয়া এনার্জির আগামী ৩০ বছর এই খনি থেকে কয়লা উত্তোলন ও রপ্তানির কথা ছিলো। ফুলবাড়ী কয়লা খনির উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ ৫৭২ মিলিয়ন টন।