২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আবেদ খান

দৈনিক সমকাল সম্পাদক আবেদ খান বলেছেন, বর্তমান নির্বাচনী কাঠামোতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামী নির্বাচন সুষ্ঠু হলে জাতি আবার ৭০’র নির্বাচন দেখতে পারে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 09:43 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর জেলা শহরের স্টেশন রোডে বঙ্গবন্ধুর পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে মঙ্গলবার তিনি একথা বলেন।

ডা. আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন জেলা আ’লীগ সভাপতি ও পৌর চেয়ারম্যান আকম মোজাম্মেল হক, টঙ্গী পৌর চেয়ারম্যান আজমত উল্লা খান, আবদুল হাদী শামীম প্রমুখ।

আবেদ খান বলেন, আগামী সংসদ নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয়, জনগণ যদি ঠিকভাবে ভোট দিতে না পারে বা ভোটের সঠিক ফলাফল প্রকাশিত না হয় তবে ২০০৭ সালের ১৫ই আগস্ট পালন করা যাবে না। ১৫ই আগস্ট পালন নিষিদ্ধ হয়ে যাবে, স্বাধীনভাবে কথা বলা নিষিদ্ধ হয়ে যাবে।

পরে তিনি শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।