২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গ থেকে এসে বাংলাভাই বিশৃঙ্খলা চালাচ্ছে: রাজশাহীতে সাকা চৌধুরী

সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘পশ্চিমবঙ্গ থেকে এ দেশে অনেক মুসলমান এসেছে। বাংলাভাই তাদের একজন। তিনি পশ্চিমবঙ্গ থেকে এসে বিশৃংখলা সৃষ্টি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

অথচ আওয়ামী লীগ বলছে বাংলা ভাই নাকি আমাদের লোক। বাংলাভাই যে আমাদের লোক নয় তার প্রমাণ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে গ্রেফতার করে হাজতে পুরেছে। আর আওয়ামী লীগ তাকে নিয়ে রাজনীতি শুরু করেছে’। 

রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় রাস্তায় আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘ড. কামাল হোসেনও পশ্চিম বাংলা থেকে এসেছেন। তিনি এখন স্বপ্ন দেখেন প্রধান বিচারপতি হওয়ার। কিন্তু তার মত আইনজীবী কলকাতার রাস্তাঘাটে ভুরিভুরি ঘুরে বেড়ায়’।

তিনি ছাত্রদলের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা তো ছাত্রদল করেন। মুক্তিযুদ্ধের সময় আপনাদের জন্মই হয়নি। এখন কালো কোট পরে নিলেই মুক্তিযোদ্ধা হয়ে যাবেন আপনারা’।

রাজশাহী বিভাগের ছাত্র দলের দায়িত্ব প্রাপ্ত সহ-সভাপতি  মুকুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ফজলুল হক মিলন এমপি, আজিজুল হক হেলাল এমপি, শফিকুল বারী বাবু, ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী শিরিন সুলতানা, হেলেন জেরিন এমপি, পাপিয়া হারুন, রাজশাহী জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদ প্রমূখ।