২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে বিএসএফ-এর হাতে ২ বাংলাদেশী হত্যার খবরে ভারতীয় হাইকমিশনের প্রতিবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শনিবার দুজন বাংলাদেশীকে হত্যা করেছে বলে বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার খবরের প্রতিবাদ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তারা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবরটিকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

ভারতীয় হাইকমিশন বলেছে, রোববার বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তার সাথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জড়িত নয়।

তারা প্রাপ্ত সংবাদগুলো যাচাই করে প্রকাশ ও প্রচারের জন্যে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।

এদিকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর একজন উর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় হাইকমিশনের এই দাবি নাকচ করে দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, কোনোরকম উস্কানি ছাড়াই দুজন বাংলাদেশীকে বিএসএফ গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যায়।

ঠাকুরগাঁওয়ে বিডিআর ২০ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারকে কয়েকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।