২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদে - বিক্ষোভে ফুলবাড়ী উত্তাল, দ্বিতীয় দিনের মতো হরতাল পালিত হচ্ছে

দিনাজপুরের ফুলবাড়ী এখন প্রতিবাদে - বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। পুলিশ ও বিডিআরের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ফুলবাড়ীতে ডাকা অনির্দিষ্টকালের হরতালের দ্বিতীয় দিনে আজ উত্তেজিত লোকজন পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এ ছাড়া সকাল সাড়ে ১১টার পর থেকে বিক্ষুব্ধ লোকজন ঢাকা - দিনাজপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং ব্রিজের স্লিপার তুলে ফেলেছে। এ ব্যারিকেডের ফলে  কোন দূরপাল্লার যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করতে পারছে না।

জানা গেছে, দিনাজপুর থেকে ঢাকার বাসগুলো রংপুর হয়ে চলাচল করছে। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ফুলবাড়ীতে অবস্থান করছেন।  

সোমবার সকালে সরেজমিনে ফুলবাড়ী গিয়ে জানা যায়, বিক্ষুব্ধ লোকজন এশিয়া এনার্জির সহযোগী সন্দেহে চারটি এবং এশিয়া এনার্জির তথ্যকেন্দ্রে আগুন ধরিয়ে দেয়। অবশ্য এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকার লোকজনের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। বিক্ষুব্ধ লোকজন দিনাজপুর থেকে ফুলবাড়ী পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক অবরুদ্ধ করে রেখেছে। ঢাকা - দিনাজপুর মহাসড়কে ব্যারিকেড দেওয়ায় দূরপাল্লার কোন যান চলাচল করতে পারছে না। রিকশা - ভ্যান দিয়ে লোকজনকে বিকল্প উপায়ে চলাচল করতে হচ্ছে। ব্যারিকেডের কারণে পুলিশের গাড়িও সেখানে যেতে পারছে না।

এদিকে নিহত তিনজনের লাশ রোববার তাদের আত্মীয়-স্বজনের কাছে তুলে দেওয়া হয়েছে বলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বিডিনিউজকে জানিয়েছেন। ফুলবাড়িতে এশিয়া এনার্জির কয়লা প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে সংগঠনটি শনিবার হাজার হাজার লোকের সমাবেশ ঘটালে সেখানে আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায় ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে প্রাথমিকভাবে পাঁচজন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া যায়।

ওই ঘটনার  প্রতিবাদে ও এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কারের দাবিতে স্থানীয় জনতা পরদিন রোববার থেকে ফুলবাড়িতে অনির্দিষ্টকালের হরতাল পালন করছে।

একই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার সারাদেশে ছাত্র ধর্মঘট পালিত হয় এবং জাতীয়ভাবে সারাদেশে শোক দিবস, বিক্ষোভ মিছিল ও বুধবার হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।