২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জোটের বিকল্প নেই: মুলাদীর জনসভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী নির্বাচনে চারদলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জোটের বিকল্প নেই। তাই চলমান উন্নয়নের ধারা ধরে রাখতে জোটে ভোট দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বরিশালের মুলাদী ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে রোববার প্রধানমন্ত্রী একথা বলেন।

মুলাদী উপজেলা বিএনপি’র সভাপতি ও পৌর চেয়ারম্যান আব্দুস ছাত্তার খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিনা রহমান, অর্থ প্রতিমন্ত্রী শাহ্ মোঃ আবুল হোসাইন, সাংসদ নাজিম উদ্দিন আলম ও মোশাররফ হোসেন প্রমুখ।

প্রধানমন্ত্রী চারদলীয় জোটের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, আগামীতে চারদলীয় জোট সরকার গঠন করলে øাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমালোচনা করে বলেন, তারা ক্ষমতায় এলে দেশে ’৭২ সালের সংবিধান প্রতিষ্টা করবে। যা দেশের মানুষ মেনে নেবে না।

তিনি মুলাদীবাসীকে এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি মুলাদী থেকে নাজিরপুর পর্যন্ত সড়কটির পূন:নির্মানের আশ্বাস দেন।

এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মুলাদী পৌঁছেন।

সেখানে তিনি প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের ৩৬ কিলোমিটার কার্পেটিংয়ের কাজ উদ্বোধন করেন।

এছাড়া তিনি এক কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মুলাদী পৌরসভা ভবন উদ্বোধন ও সাড়ে চার কোটি টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ থেকে ৫০ শয্যা সম্প্রসারণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।