জাপাকে ছাড়া কোনো জোটই ক্ষমতায় যেতে পারবেনা: কুমিল্লার পথসভায় এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো জোটই জাতীয় পার্টিকে ছাড়া ক্ষমতায় যেতে পারবে না।
তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের পর জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যড়যন্ত্র করা হয়েছিল; তবে কেউ সফল হয়নি।
কুমিল্লায় চৌদ্দগ্রামের পূর্ব নির্ধারিত একটি জনসভায় যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে শনিবার ঢাকা -- চট্রগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার বিশ্বরোডে জাতীয় পার্টি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রওশন এরশাদ এমপি, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এরশাদ বলেন, চারদলীয় জোটের সাথে কথাবার্তা চলছে। তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। কিন্তু এতেই ১৪ দলের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে।
