২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচন হলো জাতির অগ্নিপরীক্ষা: মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) -এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আগামী নির্বাচন শুধু ভোটে জেতার নির্বাচন নয় জাতির জন্য অগ্নি পরীক্ষার নির্বাচন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 03:22 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শনিবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু একথা বলেন।

মঞ্জু বলেন, দেশে সামরিক সরকার না থাকা  সত্ত্বেও নির্বাহী বিভাগ এবং গণতন্ত্রের ছত্রছায়ায় সামরিক কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে সংসদ সদস্যদেরকে ‘গোলাম’ এবং সংসদকে ‘রাবার স্ট্যাম্প’ বানিয়ে রাখা হয়েছে।

আনোয়ার হোসেন বলেন, মূল্য সন্ত্রাস ও কালোবাজারিদের দৌরাত্ম্যে দেশের মানুষ আজ নীরব দুর্র্ভিক্ষের শিকার।

জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, কর্নেল (অব.) আব্দুল লতিফ মল্লিক, আব্দুর রহিম, মফিজুল হক দেবু প্রমুখ।

শেখ শহিদুল ইসলাম বলেন, ‘এ দেশে ভিন্নমত প্রকাশ করলে নির্যাতনের শিকার হতে হয়। ভিন্নমত প্রকাশের জন্য সিপিডির ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কথা শিল্পী হাসান আজিজুল হক এবং ড. মোহাম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে’।