সারাদেশে সিপিবির গণজাগরণ যাত্রা শুরু
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে আজ শুক্রবার থেকে সারাদেশে সপ্তাহব্যাপী ‘গণজাগরণ যাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে।
আজ থেকে ‘গদির ও নীতির পরিবর্তনে’ সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ চারটি টিমে বিভক্ত হয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই জাগরণ যাত্রায় অংশগ্রহণ করবেন।
সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির প্রাক্কালে নগরীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের সভাপতি মনজুরুল আহসান খান বলেন, দেশের বড় দলগুলোই সবচেয়ে দুর্বল দল। এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সাম্রাজ্যবাদের তল্পিবাহক হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্পক হুমকির সম্মুখীন করেছে।
তিনি বলেন, অথচ দেশের ১৪ কোটি মানুষের শ্রমে ও ঘামে যে রাষ্ট্রের চাকা ঘোরে তাদের স্বার্থে এদেশের শাসক শ্রেণীর দলগুলো কখনোই সংসদে কথা বলে না, আইন প্রণয়ন করে না। ফলে সাধারণ গরীব - মেহনতি আপামর মানুষের কখনো মুক্তি ঘটে না।
তিনি আরো বলেন, তাই জনগণের সার্বিক মুক্তির জন্য অবশ্যই গদির পরিবর্তনের সাথে সাথে নীতিরও পরিবর্তন ঘটাতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ প্রমুখ।
নেতারা আজ জাগরণ যাত্রার কর্মসূচির অংশ হিসেবে সাভারের জিরানি বাজার, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাভার বাজার, মানিকগঞ্জ, দৌলতদিয়া, গোলালন্দ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ শহর, চিটাগাং রোড, সোনারগাঁও, চান্দিনা, কুমিল্লা শহর, টঙ্গী, ফুলপুর, তারাকান্দা, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে সমাবেশে বক্তব্য রাখেন।
এছাড়াও তারা যাত্রাপথে বিভিন্ন হাট - বাজার, মোড়ে, গ্রামে তারা পথসভা, হাটসভা, মতবিনিময়, লিফলেট বিতরণসহ অন্যান্য গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমগ্র জাগরণ যাত্রায় সিপিবি নেতারা দেশের প্রায় দুহাজার কিলোমিটারের অধিক পথ অতিক্রম করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গণজাগরণ যাত্রায় শনিবারের কর্মসূচি: জাগরণ যাত্রায় আগামীকাল শনিবার সিরাজগঞ্জ, কড্ডার মোড়, নাটোর শহর, রাজশাহী শহর, পুটিয়া, পাংশা, কুমারখালী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, মিরসরাই, সীতাকুন্ড, চট্টগ্রাম শহর, কটিয়াদি, কুলিয়ারচন, বি-বাড়িয়া প্রভৃতি স্থানে জনসভা, সমাবেশ, মতবিনিময় সভা, কর্মীসভা অনুষ্ঠিত হবে।
