২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবাবদিহিতার অভাবে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে: সংবাদ সম্মেলনে বরিশাল সচেতন নাগরিক কমিটি

সংসদ নির্বাচনে কারচুপির প্রবণতা বৃদ্ধি, রাজনৈতিক দলগুলোর আয় - ব্যয়ের অসামঞ্জস্যতা, নির্বাচনে বহিরাগতদের দাপট সর্বোপরি দুর্নীতি বৃদ্ধির জন্য রাজনীতিবিদরাই দায়ী বলে টিআইবির এক রিপোর্টে বলা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 06:12 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শুক্রবার বরিশাল সচেতন নাগরিক কমিটির এক সংবাদ সম্মেলনে টিআইবির এই তথ্য প্রকাশ করা হয়। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

কমিটির সদস্য অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল জরিপের ফলাফলের আলোকে জানান, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিচার না হওয়ায় গত ১০ বছরেও দেশে দুর্নীতি কমেনি। জবাবদিহিতার অভাবে দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জরিপে অংশগ্রহণকারী ৮৯ জনই বিচার বিভাগ দুর্নীতি মুক্ত নয় বলে মনে করেন। রাজনীতিবিদদের পক্ষেই এ দুর্নীতি থামানো সম্ভব বলে তার অভিমত ব্যক্ত করেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন, টিআইবির করুণা কিশোরী চক্রবর্তী, সাংবাদিক আনিছুর রহমান, নাসিম উল আলম।

অপরদিকে দুর্নীতি প্রতিরোধ সক্রিয় গণমাধ্যম চাই শীর্ষক জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতা পত্রিকার নীতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে সাংবাদিকরা যা খুশী তা লিখতে পারে না। তাছাড়া বেতন - ভাতা না দিয়ে সম্পাদকরা সাংবাদিকদের দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছে বলেও তারা জানান।

তারা আরও বলেন, জনসমক্ষে না আসা পত্রিকাগুলোর প্রকাশ বন্ধ করে দেওয়া উচিত।

দুটি জরিপে ৫০টির বেশি প্রশ্নের উত্তর দেন শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, মুক্তিযোদ্ধা এবং সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার ২০০ জন প্রতিনিধি।