২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান টিটোকে কুপিয়ে জখম

যশোরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান টিটো বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দলীয় কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

আশংকাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১৭টা সেলাই ও শরীরের অন্যান্য স্থানেও সেলাই লেগেছে বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়ার পর দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহরের চুড়িপট্টি বাজার ও পুরাতন কসবায় ভাংচুর চালানো হয়।

এ ঘটনার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন এবং হাসপাতাল থেকে দড়াটানা পর্যন্ত ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদুর রহমান টিটো সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান পিকুল ও যুগ্ম সম্পাদক আব্দার রহমানও সেখানে উপস্থিত ছিলেন। এসময় যুবলীগ নেতা মিঠু ও টিটোর নেতৃত্বে ৩০/৩৫ জন যুবলীগ কর্মী আব্দার রহমানের উপর হামলা করতে উদ্যত হয়। খালেদুর রহমান টিটো তাদের নিবৃত্ত করতে গেলে হামলাকারীরা রামদা ও কিরিচসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে বুক, মাথা, উরু ও পিঠসহ তার শরীরের বিভিন্ন স্থান ক্ষত - বিক্ষত হয়েছে।

পরে আশংকাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর আওয়ামী লীগের নাবিল গ্রুপ ও চাকলাদার গ্রুপের কোন্দলের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।