২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপত্তা’ আগামী জাতীয় নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ: নির্বাচন কমিশন সচিব

বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদের ধারাবাহিকতায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নিরাপত্তা ইস্যুকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে তার উদ্বেগের কথা জানান।

তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে ধন্যবাদ জানান।

আব্দুর রশীদ সরকার বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন কমিশনের কাছে নিরাপত্তাই প্রধান ইস্যু। যদিও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, কিন্তু নির্বাচনের কার্যক্রম চলাকালে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা আমরা জানি না।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমি স্বাগত জানাই। কারণ তারা অনেক মানুষের প্রতিনিধিত্ব করে, আর এটা গণতন্ত্রের জন্যও শুভ।

নির্বাচন কমিশন সচিবালয় বর্তমানে একটি সমন্বিত তালিকা তৈরীর জন্য কাজ করছে। হালনাগাদ করা তালিকা জনসাধারণের দেখার সুবিধার্থে ২৭ থেকে ৩০ আগস্ট সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী কার্যালয় বা ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে উন্মুক্ত থাকবে।