২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাসক গোষ্ঠী ইচ্ছা মতো ব্যবহার করে পবিত্র সংবিধানকে আজ টয়লেট পেপারে পরিণত করেছে: সংলাপ অনুষ্ঠানে বক্তারা

শাসক গোষ্ঠী ইচ্ছামত ব্যবহার করে পবিত্র সংবিধানকে আজ টয়লেট পেপারে পরিণত করেছে। নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুন্ন করে বিশেষ বাহিনী দিয়ে হত্যা করা হচ্ছে শ’ শ’ মানুষকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সমাজ - রূপান্তর অধ্যয়ন কেন্দ্রের উদ্যোগে ‘নাগরিক অধিকারে আইন বহির্ভূত সরকারি হস্তক্ষেপ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শাহদীন মালিক।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিচারপতি গোলাম রাব্বানী, সৈয়দ আবুল মোকসুদ, অধ্যাপক সি আর আবরার, অ্যাডভোকেট ড. শিরিন শারমিন চৌধুরী, রুহিন হোসেন প্রিন্স, ড. সলিমুল্লাহ খান, টিপু বিশ্বাস, ড. টি আলী, সাইফুল হক প্রমুখ।

মূল প্রবন্ধে ড. শাহদীন মালিক বলেন, বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১, ৩৩ এবং ৩৫ নম্বর অনুচ্ছেদ দ্বারা নাগরিকদের সমস্ত অধিকার সংরক্ষিত করা হয়েছে। অথচ রক্ষী বাহিনী, যৌথ বাহিনী, সামরিক বাহিনীর নামে সেই অধিকারে বার বার হস্তক্ষেপ করা হয়েছে। আর এসব বাহিনীর ধারাবাহিকতায় তৈরি করা হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

ড. মালিক আরও বলেন, ‘যে অধিকারের জন্য আমরা যুদ্ধ করলাম সেই অধিকারের জন্যই আজ আবার কথা বলতে হয়। তাহলে আমরা কেন যুদ্ধ করে ছিলাম? বিচারপতি নিয়োগ এবং কওমী মাদ্রাসার শিক্ষাকে ডিগ্রির সমমর্যাদা এ দু’টি ঘটনাই প্রমাণ করে কিভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠাগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে’।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, র‌্যাবের ক্রসফায়ার বা এনকাউন্টারের মত বর্বর ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। অথচ এসবই করা হচ্ছে জনগণের নামে। নাগরিকদের বিভক্ত করে শাসক গোষ্ঠী নিজেদের স্বার্থে এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

বক্তারা আরও বলেন, ‘আমাদের ইতিহাস ক্রমাগত খারাপ হচ্ছে। এখন জনগণের প্রত্যশা যেমন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বর্বরতা। স্বাধীনতার নামে শুধু ক্ষমতার হস্তান্তর হয়েছে। কিন্তু প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি আজও’।

সংলাপ পরিচালনা করেন ম. ইনামুল হক।