২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ, চারজন ছুরিকাহতসহ আহত ৮

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বৃহস্পতিবার এক সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহত একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

দলীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সভাপতি গ্রুপের নেতা নূর মোহাম্মদ লিটু এবং সাধারণ সম্পাদক গ্রুপের নেতা রিপনের মধ্যে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে সকাল ১০ টার দিকে লিটু রিপনের উপর চড়াও হয়। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের মাঝে ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।

এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ তুলে লিটুকে দল থেকে বহিষ্কারের দাবী জানায়। এর পরিপ্রেক্ষিতে সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক সমাবেশে আগামী এক সপ্তাহের মধ্যে লিটুকে বহিষ্কারের ঘোষণা দেন।

সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ সম্পাদক গ্রুপের নেতা কর্মীরা এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রশাসন ভবনের সামনে পৌঁছালে পুনরায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে রবীন্দ্রনাথ রবী, রিপন, মামুনুর রহমান, ও শহিদুর রহমান ছুরিকাহত হয়। মারাত্মক আহত রবীন্দ্রনাথ রবীকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা যায়। রিপনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় গ্রুপের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ লিটু বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, ব্যক্তিগত শত্রুতা থাকায় তার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। তিনি জানান, দলীয় শৃংখলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রলীগ ইবি শাখার সবাপতি মো. শাহানুর আলম কেরামত বলেন, সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে যা তিনি নিজেই ঘটিয়েছেন। এ জন্য তিনিই দায়ী। ঘটনায় জড়িতদের শাস্তি হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।