২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি চৌধুরীর বাসায় অগ্নিকান্ডের কিনারা না হওয়ায় মার্কিন রাষ্ট্রদুতের উদ্বেগ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত প্যাট্রিসিয়া বিউটেনিস সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় অগ্নিকান্ডের কোনো কিনারা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বারিধারার কেসি মেমোরিয়াল ক্লিনিকে অধ্যাপক চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত তার উদ্বেগের কথা জানান। এ সময় তাদের মধ্যে প্রায় ৩০ মিনিটব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

তারা দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আসন্ন জাতীয় নির্বাচনের প্রতিবন্ধকতাসমূহ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।

বৈঠক শেষে বিকল্পধারা সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সরকার ইতোমধ্যে প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করেছে। এ অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। বিকল্পধারা সংস্কারবিহীন কোনো নির্বাচনে অংশ নেবে না’।