২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের প্রতিবাদের মুখে আপিল বিভাগে শপথ নিলেন বিচারপতি জয়নুল আবেদীন

তিনজন জ্যেষ্ঠ বিচারককে টপকানোর কারণে আইনজীবীদের ব্যাপক প্রতিবাদের মুখে বৃহস্পতিবার আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জয়নুল আবেদীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 02:17 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন বিচারপতি জয়নুল আবেদীনকে শপথ বাক্য পাঠ করান।

এই নিয়োগের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শপথ অনুষ্ঠান বয়কট করলেও সরকার সমর্থিত আইনজীবীরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে অ্যাটর্নি  জেনারেল এ জে মোহাম্মদ আলী, সরকারপন্থী আইনজীবী টি এইচ খান এবং বিচারপতি জয়নুল আবেদীন বক্তব্য রাখেন।

হাইকোর্টের তিন জ্যেষ্ঠ বিচারক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি মোহাম্মদ হাসান আমিন এবং বিচারপতি মোহাম্মদ এ কে বদরুল হককে ডিঙ্গিয়ে ২৩ আগস্ট বিচারপতি জয়নুল আবেদীনকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিচারপতি জয়নুল আবেদীনের শপথ অনুষ্ঠান এবং অন্য ১৭ জন বিচারকের হাইকোর্ট বিভাগে স্থায়ী করার  প্রতিবাদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করে।