আওয়ামী লীগ বোমা-মানিক উপহার দিয়েছিল আর বিএনপি দেশের উন্নয়ন করেছে - প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খলেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে বোমা - মানিক উপহার দিয়েছিল। আর বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে সন্ত্রাস নৈরাজ্য দূর করে দেশবাসীকে উন্নয়ন উপহার দিয়েছে।
প্রধানমন্ত্রী বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলার শিল্পনগরী ছাতকে সুরমা নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ছাতক হাইস্কুল মাঠে স্থানীয় চারদলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দানকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের মাধ্যমে সুনামগঞ্জ - ৫ আসনের বর্তমান এমপি কলিম উদ্দিন আহমদ মিলনকে আগামী নির্বাচনে বিজয়ী করার জন্য সমবেত জনতার প্রতি আহ্বান জানান। আগামী নির্বাচনকে সামনে রেখে বুধবারের এই সমাবেশ সুনামগঞ্জ - ৫ আসনের জন্য আগাম একটি নির্বাচনী সমাবেশে রূপ নেয়।
সমাবেশে চারদলীয় জোটের গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, প্রধামন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, হুইফ ফজলুল হক আসপিয়া , সিলেট - ৪ আসনের এমপি দিলদার হোসেন সেলিম, সুনামগঞ্জ - ১ আসনের এমপি নজির হোসেন, সুনামগঞ্জ - ৫ আসনের সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ - ৩ আসনের সাংসদ শাহিনূর পাশা চৌধুরী এবং সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ খালেদা রাব্বানী প্রমুখ।
স্থানীয় দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আগামী নির্বাচনে আবারো জোট প্রার্থীকে নির্বাচিত করলে পর্যায়ক্রমে সব দাবি বাস্তবায়ন করা হবে’।
তিনি ছাতক - হক নগর রাস্তা ও ছাতক - আমবাড়ি - সুনামগঞ্জ রাস্তা সংস্কার, ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর, গোবিন্দগঞ্জে গ্যাস সরবরাহের দাবি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্র“তি দেন।
তিনি আগামী নির্বাচনে আবারো জোট ক্ষমতায় এলে দক্ষিণ ছাতকের আটটি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা বাস্তবায়নেরও আশ্বাস দেন। তবে বৃহত্তর ছাতককে জেলা হিসেবে প্রতিষ্ঠার দাবিকে প্রধানমন্ত্রী এড়িয়ে যান।
