২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে শিল্পায়নকে আরও গুরুত্ব দেওয়া হবে: বিসিআই এর আলোচনা সভায় এরশাদ

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে শিল্পায়নকে আরও গুরুত্ব দেওয়া হবে। তিনি রপ্তানি বাণিজ্যের দ্রুত উন্নয়নে অবিলম্বে গভীর সমুদ্র বন্দর ও চট্টগ্রামে আলাদা আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণসহ কৃষিভিত্তিক শিল্পের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও জাতীয় পার্টির মধ্যে ‘বিনিয়োগে রাজনীতিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিসিআই সেমিনার হলে বুধবার আয়োজিত এ আলোচনায় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ঢাকার ওপর চাপ কমাতে শিল্পপতি ও ব্যবসায়ীদের ঢাকার বাইরে কারখানা স্থাপনের পরমর্শ দেন।

আলোচনা সভায় বিসিআই সভাপতি একে আজাদ বলেন, শুধু সস্তা শ্রম বা প্রাকৃতিক সম্পদ দিয়ে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট হয় না।

তিনি বলেন, বাংলাদেশে প্রায় এক কোটি মধ্যবিত্ত ভোক্তা শ্রেণী রয়েছে, যাদের আয় বছরে ১০ হাজার ডলারের বেশি। এটা ইউরোপের অনেক দেশের চেয়ে বড় বাজার।

কিন্তু বিনিয়োগের পথে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক দক্ষতার মানদণ্ডে অনেক পিছিয়ে আছে।

তিনি শিল্প ও বিনিয়োগের অন্তরায় হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করার মতো বিষয়গুলোর কথা উল্লেখ করেন।

বিসিআই সভাপতি একে আজাদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক আবুল কাসেম আহমেদ, এ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর, জাপান বাংলাদেশ চেম্বারের সহ-সভাপতি আব্দুল হক, গণস্বাস্থ্য সংস্থার কোঅর্ডিনেটর ডা. জাফরউল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী আনিসুল হক মাহমুদ। খবর সংবাদ বিজ্ঞপ্তির।