২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলাকারীরা এক সময় ‘তাদেরকেও’ ছাড়বে না: হাসিনা

সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, মা - পুত্র গ্রেনেড হামলা চালিয়ে আমাকে খুন করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

তারা এ হামলার জন্য যাদের ব্যবহার করেছে, এক সময় সেই হামলাকারীরা তাদেরকেও ছাড়বে না।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বজন ও আহতদের সঙ্গে এক মতবিনিময় সভায় শেখ হাসিনা এ কথা বলেন। দলের ধানমন্ডির কার্যালয়ে মঙ্গলবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে তিনি আরো বলেন,  জিয়াউর রহমান ক্ষমতায় এসে শত শত মানুষকে প্রহসনের বিচারে ফাঁসিতে হত্যা করেছে। মা -- পুত্র তারই ধারাবাহিকতা রক্ষা করছে। এটি একটি খুনী পরিবার। লাশ আর রক্ত ছাড়া তারা আর কিছু বোঝে না।

তিনি প্রশ্ন করেন, সমস্ত গ্রেনেড ও বোমা হামলার রিমোট কন্ট্রোল মা - পুত্রের হাতে না থাকলে দুবছরে তারা কেন একজন হামলাকারীকেও গ্রেপ্তার করলো না? একজন জঙ্গীকেও কেন ক্রসফায়ারে দেওয়া হলো না?

তিনি বলেন, উল্টো সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলার সমস্ত আলামত নষ্ট করতে চেয়েছে বলে আইন - শৃঙ্খলা বাহিনী হামলা স্থল কর্ডন করেনি। তারা বিদেশী তদন্ত সংস্থাকেও এ বিষয়ে সাহায্য করেনি। আমরা দলীয় উদ্যোগেই হামলা স্থল ঘিরে রাখি।

শেখ হাসিনা আবেগাপ্লুত হয়ে বলেন, তারা আমাকে মারতে চায় মারুক; আমি তো আছি। আমি মৃত্যূভয় করিনা। কিন্তু আর যেন কোনো লাশ না পড়ে, কোনো মায়ের বুক আর যেন খালি না হয়।

তিনি বলেন, অন্যদিকে লুটেরা - দুর্নীতিবাজ এ সরকার বাতিল করা দু হাজার ২০০ কোটি টাকার ১৭ টি প্রকল্প আবার পাশ করেছে শেষ মুহুর্তে এ টাকা লুটপাট করার জন্য।

তিনি আহ্বান জানিয়ে বলেন, সরকার সন্ত্রাসবিরোধী ২১ আগস্টের সমাবেশে গ্রেনেড হামলা করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।

২১ আগস্ট হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্বামী ও দলীয় নেতা জিল্লুর রহমান বলেন, আইভি রহমান মানুষের মুক্তির জন্য, আদর্শের জন্য জীবন দিয়েছেন। এ সরকারের কাছে এ সব হত্যার বিচার চেয়ে কোনো লাভ নেই, কারণ তারা নিজেরাই এ হত্যার সঙ্গে জড়িত। কিন্তু দেশের মানুষ একদিন এর বিচার করবেই।

সভায় আহতদের পক্ষে দলীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।