২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং সেনা বিদ্রোহকে ইনডেমনিটি আইনে বৈধতা প্রদানের মাধ্যমেই সশস্ত্রবাহিনীতে রাজনীতির জন্ম দেয়া হয়েছে: লে. ক. আব্দুর রউফ

সেনাবাহিনীর সাবেক লেফটেনেন্ট কর্নেল আব্দুর রউফ অভিযোগ করেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং সেনা বিদ্রোহকে ইনডেমনিটি আইন এর মাধ্যমে বৈধতা প্রদানের মাধ্যমেই সশস্ত্রবাহিনীতে রাজনীতির জন্ম দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 05:50 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

তিনি বলেছেন, ১৯৮১ সালে অপর এক সেনা অভ্যুত্থানে নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং অপর সেনা শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ ওই কালো আইন বাতিল না করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে সেনাবাহিনীকে ব্যবহার করেন।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় কমিশন অথবা বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে ১৫ আগস্টের থেকে ৩০ মে ১৯৮১ পর্যন্ত সংগঠিত সকল সেনা বিদ্রোহের সুষ্ঠু তদন্ত এবং এর রিপোর্ট জাতির সামনে প্রকাশ করারও দাবি জানান তিনি।

মহান মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের যোদ্ধা পরবর্তীতে সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের লে. ক. রউফ ১৯৮৩ সালের ৬ জুন কর্মস্থল থেকে অবসর গ্রহণ করেন।

তিনি বলেন, আমি আমার বিবেকের তাড়নায় এখানে এসেছি। সকল সেনা বিদ্রোহ এবং হত্যাকান্ডের বিচার চাই।  

লে. ক. (অবঃ) রউফ বলেন, জিয়া এবং এরশাদ ১৯৭৫ সালের সেনা বিদ্রোহের বিচার না করায় সেনাবাহিনীর চেইন - অব - কমান্ড মারাত্মক হুমকির সম্মুখীন হয় এবং সেনা সদস্যদের মাঝে বিশ্বাস -- অবিশ্বাসের জন্ম হয়।

তিনি বলেন, ১৫ আগস্ট সেনা বিদ্রোহের বিচার হলে সেনা বিদ্রোহ নামক দুঃসাহসিক অভিযানের সম্ভাবনা চিরতরে বন্ধ হয়ে যাবে।

রউফ বলেন, জেনারেল জিয়াউর রহমান ১৯৭৫ সালের সেনা বিদ্রোহীদের লালন ও পুরস্কৃত করেছিলেন। আর জেনারেল এরশাদ তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন।

তিনি জিয়া হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, জিয়া হত্যার বিচার নিয়ে জাতির সঙ্গে প্রতারনা করেছেন জেনারেল এরশাদ এবং রাষ্ট্রপতি সাত্তার।

যথাসময়ে জিয়া হত্যার চিার করা হলে সমগ্র জাতির সামনে উন্মোচিত হতো জিয়া হত্যাকারী নেপথ্যের নায়কদের চেহারা। সেসময় সেনা বিদ্রোহের জন্য তড়িঘড়ি করে ১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেয়া হয় এবং জাতিকে বোঝানো হয় যে কোর্ট মার্শালের মাধ্যমেই জিয়া হত্যার বিচার করা হয়েছে।

তিনি বলেন, জিয়া হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে লে. কর্নেল মাহাবুবুর রহমান, লে. কর্নেল মতিউর রহমানকে জিয়া হত্যার পরপরই রহস্যজনকভাবে হত্যা করা হয় এবং জিয়া হত্যার প্রধান অভিয্ক্তু মেজর জেনারেল মঞ্জুরকে বেআইনীভাবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে নির্মমভাবে এবং বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। জেনারেল মঞ্জুর পুলিশের হাতে আটক হওয়ার পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করে জেলখানায় পাঠানোর অনুরোধ করেছিলেন। যাদের কাছ থেকে জিয়া হত্যার গুরুত্বক’র্ণ তথ্য পাওয়া যেতো তাদের সবাইকে পরিকল্পনা মোতাবেক হত্যা করা হয়।